
কুষ্টিয়ায় রসুন ক্ষেতে মুরগি ঢোকাকে কেন্দ্র করে পারিবারিক বিরোধের জেরে হাফিজুল ইসলাম (৪৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন।
মঙ্গলবার (১৬ ডিসেম্বর) বিকেলে কুষ্টিয়া সদর উপজেলার মঠপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত হাফিজুল ইসলাম ওই গ্রামের মৃত নুরুল হুদার ছেলে।
নিহতের ভাই আনোয়ার হোসেন জানিয়েছেন, দীর্ঘদিন ধরে চাচাতো ভাই মহিদের রসুন ক্ষেতে হাফিজুলের মুরগি ঢুকে রসুনের চারা নষ্ট করছিল। এর কারণে দুই পরিবারের মধ্যে বিরোধ চলছিল। শনিবার দুপুরে পুনরায় হাফিজুলের মুরগি রসুন ক্ষেতে ঢুকলে মহিদ ক্ষিপ্ত হয়ে ওঠে। এ নিয়ে দুই পরিবারের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে।
একপর্যায়ে মহিদ বাড়ি থেকে ধারালো বল্লম নিয়ে এসে হাফিজুলকে আঘাত করেন। এতে তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নিলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবির হোসেন মাতব্বর ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, নিহতের মরদেহ কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় তদন্ত চলছে এবং তদন্ত শেষে দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।