
শরীয়তপুরে নড়িয়া উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মতিউর রহমান সাগর নির্বাচনী প্রচারণার সময় ভোটারদের হুমকি দিয়েছেন। তিনি বলেছেন, “আপনারা আমাদের চোখের সামনে দিয়ে ওই জামায়াত রাজাকারদের ভোট দেবেন, আর বাড়িতে শান্তিতে থাকবেন—কিন্তু আমি সেই শান্তিতে থাকতে দেব না। এটা আমার আবদার। আওয়ামী লীগকে বলি, ভোট দিলে বিএনপিকে দেবেন, না দিলে আপনারা ঘরে থাকুন, আমাদের আপত্তি নেই।”
শনিবার (১৩ ডিসেম্বর) রাতে নড়িয়ার বাংলা বাজার এলাকায় প্রচারণার সময় তার এই মন্তব্য করেন। এই বক্তব্যের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে তীব্র সমালোচনা সৃষ্টি হয়। পরে সমালোচনার মুখে সাগর ভিডিওটি নিজের ফেসবুক আইডি থেকে সরিয়ে দেন। তবে ভিডিওটি তখনই সামাজিক মাধ্যমে ভাইরাল হয়ে যায়।
সাগর দাবি করেছেন, তার বক্তব্য ১৩ মিনিট ২৯ সেকেন্ডের ছিল এবং ভিডিওটি কাটছাঁট করা হয়েছে। তিনি বলেন, “আমি এলাকায় সমাজের লোকজন নিয়ে বসেছিলাম। বাহিরের বিএনপির কোনো লোক উপস্থিত ছিলেন না। এটি একটি ঘরোয়া আলোচনা ছিল। কিছু কথা বাদ দেয়া হয়েছে।”
নড়িয়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ফরিদ আহমেদ রয়েল বলেন, “এই ধরনের বক্তব্য দলের নেতাকর্মীদের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি করেছে। আমরা এমন মন্তব্য আশা করি না। বক্তব্যটি তার নিজের বাড়িতে দেয়া হয়েছে, রাজনৈতিক কোনো সভায় নয়। দল কখনোই এমন বক্তব্য সমর্থন করে না।”
শরীয়তপুর-২ আসনের সহকারী রিটার্নিং কর্মকর্তা ও নড়িয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল কাইয়ুম খান জানিয়েছেন, নির্বাচনী আচরণবিধি অনুযায়ী প্রতিটি রাজনৈতিক দলের নেতাদের এই ধরনের নিয়ম মেনে চলতে হবে। তিনি ভিডিওটি দেখেছেন এবং জানান, এখনো কেউ অভিযোগ করেনি। অভিযোগ পেলে নির্বাচনী আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।