
উত্তরা পশ্চিম থানায় সন্ত্রাসবিরোধী আইনে দায়ের করা একটি মামলায় সাংবাদিক আনিস আলমগীরকে ৫ দিনের রিমান্ডে নেওয়ার অনুমতি দিয়েছেন আদালত। সোমবার (১৫ ডিসেম্বর) ঢাকার অ্যাডিশনাল চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জশিতা ইসলামের আদালত এই আদেশ দেন।
এর আগে মামলার তদন্ত কর্মকর্তা উত্তরা পশ্চিম থানার পরিদর্শক মুনিরুজ্জামান আসামিকে জিজ্ঞাসাবাদের জন্য ৭ দিনের রিমান্ড আবেদন করেন। রিমান্ড শুনানিতে রাষ্ট্রপক্ষের আইনজীবী ওমর ফারুক ফারুকী বলেন, আনিস আলমগীর রাষ্ট্রবিরোধী ও উসকানিমূলক বক্তব্য দিয়েছেন, যা দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও গণতন্ত্রের বিরুদ্ধে।
অন্যদিকে আসামিপক্ষের আইনজীবীরা রিমান্ড বাতিল চেয়ে জামিন আবেদন করেন। তবে উভয় পক্ষের শুনানি শেষে আদালত ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেন।
উল্লেখ্য, সন্ত্রাসবিরোধী আইনে দায়ের হওয়া এই মামলায় সাংবাদিক আনিস আলমগীর ছাড়াও অভিনেত্রী মেহের আফরোজ শাওনসহ মোট চারজনকে আসামি করা হয়েছে। মামলার অন্য আসামিরা হলেন মডেল মারিয়া কিশপট্ট এবং ইমতু রাতিশ ইমতিয়াজ।
গত রোববার (১৪ ডিসেম্বর) রাত আড়াইটার দিকে জুলাই রেভল্যুশনারি অ্যালায়েন্সের কেন্দ্রীয় সংগঠক আরিয়ান আহমেদ রাজধানীর উত্তরা পশ্চিম থানায় অভিযোগ দায়ের করেন, যা পরে মামলা হিসেবে নথিভুক্ত হয়। মামলায় রাষ্ট্রের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ আনা হয়েছে।
এর আগে রোববার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ধানমণ্ডি এলাকার একটি ব্যায়ামাগার থেকে সাংবাদিক আনিস আলমগীরকে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের কার্যালয়ে নেওয়া হয়।