
অবরুদ্ধ গাজায় ইসরাইলি হামলায় হামাসের সিনিয়র কমান্ডার রায়েদ সাদের নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠনটি। জানা গেছে, গত অক্টোবরে যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর এটিই হামাসের কোনো সিনিয়র নেতার প্রথম প্রাণহানির ঘটনা।
রোববার (১৪ ডিসেম্বর) আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। প্রতিবেদনে বলা হয়, শনিবার ইসরাইলি সেনাবাহিনী জানায়, গাজা শহরের কাছে চালানো এক হামলায় রায়েদ সাদ নিহত হন। একই হামলায় অন্তত ২৫ জন আহত হয়েছেন।
রোববার দেওয়া এক ভিডিও বিবৃতিতে হামাসের গাজা প্রধান খলিল আল-হায়্যা সাদের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন। একই সঙ্গে তিনি ইসরাইলের বিরুদ্ধে যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগ তোলেন, যা গত অক্টোবরে কার্যকর হয়েছিল।
বিবৃতিতে বলা হয়, সর্বশেষ এই হত্যাকাণ্ডসহ ইসরাইলের ধারাবাহিক যুদ্ধবিরতি লঙ্ঘনের প্রেক্ষাপটে মধ্যস্থতাকারীদের—বিশেষ করে যুক্তরাষ্ট্র প্রশাসন এবং চুক্তির প্রধান গ্যারান্টার হিসেবে মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের প্রতি আহ্বান জানানো হয়েছে, যেন তারা ইসরাইলকে যুদ্ধবিরতি চুক্তি মানতে এবং তা বাস্তবায়নে বাধ্য করে।
আল জাজিরার তথ্যমতে, যুদ্ধবিরতি শুরু হওয়ার পরও ইসরাইল প্রায় প্রতিদিন গাজায় হামলা চালিয়ে যাচ্ছে। এসব হামলায় এ পর্যন্ত অন্তত ৩৮৬ জন নিহত হয়েছেন।