
অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা মাহফুজ আলম ও আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া বুধবার পদত্যাগ করার পর তাদের অধীনে থাকা তিন মন্ত্রণালয়ের দায়িত্ব নতুনভাবে বণ্টন করেছে মন্ত্রিপরিষদ বিভাগ। বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) জারি করা এক প্রজ্ঞাপনে এসব দায়িত্ব পুনর্বণ্টনের বিষয়টি জানানো হয়।
মাহফুজ আলমের দায়িত্বে থাকা তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নতুন উপদেষ্টা হয়েছেন সৈয়দা রিজওয়ানা হাসান। তিনি আগে থেকেই পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন এবং পানি সম্পদ মন্ত্রণালয়ের দায়িত্বে আছেন।
পদত্যাগের আগে আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া দুটি মন্ত্রণালয় সামলাতেন। তার অধীনে থাকা যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্ব এখন পেয়েছেন ড. আসিফ নজরুল। এছাড়া তিনি আইন, বিচার ও সংসদ বিষয়ক এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা হিসেবেও দায়িত্ব পালন করবেন।
স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের নতুন দায়িত্ব দেওয়া হয়েছে আদিলুর রহমান খানকে। তিনি একই সঙ্গে শিল্প এবং গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের উপদেষ্টা হিসেবেও দায়িত্ব পালন করছেন।
মাহফুজ ও আসিফের পদত্যাগের পর তিন মন্ত্রণালয়ের দায়িত্ব অস্থায়ীভাবে নিজের কাছে রেখেছিলেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।