
প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিন ঘোষণা করেছেন যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোট আগামী ১২ ফেব্রুয়ারি একই দিনে অনুষ্ঠিত হবে। বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) সন্ধ্যা ৬টায় রেকর্ডকৃত ভাষণের মাধ্যমে এ তফসিল ঘোষণা করেন তিনি।
সাধারণত বিটিভি ও বেতারে জাতির উদ্দেশে ভাষণ দিয়ে সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়। এবার সংসদ নির্বাচন ও গণভোট একদিনেই হওয়ায় উভয় নির্বাচন সংক্রান্ত তফসিল একই সঙ্গে প্রকাশ করা হয়েছে।
এর আগে বুধবার (১০ ডিসেম্বর) বিকেল ৪টার দিকে নির্বাচন ভবনে সিইসির ভাষণ রেকর্ড করা হয়। তফসিল ঘোষণার আগে ভোটের তারিখ নির্ধারণে তিনি রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিনের সঙ্গে বঙ্গভবনে সাক্ষাৎ করেন। ইসি সচিব জানিয়েছেন, নির্বাচন ও গণভোট প্রস্তুতি সম্পর্কে রাষ্ট্রপতিকে অবহিত করা হয়েছে এবং তিনি এতে সন্তোষ প্রকাশ করেছেন।
মঙ্গলবার (৯ ডিসেম্বর) সিইসি সুপ্রিম কোর্টে প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। সাক্ষাৎ শেষে তিনি সাংবাদিকদের জানান যে নির্বাচনে নির্বাহী ম্যাজিস্ট্রেটের মতো বিচারিক ক্ষমতা প্রয়োগের জন্য মাঠ পর্যায়ে ৩০০ বিচারকের প্রয়োজন হবে—এ বিষয়ে প্রধান বিচারপতির সহযোগিতা চাওয়া হয়েছে। প্রধান বিচারপতি এ বিষয়ে সহায়তার আশ্বাস দিয়েছেন।
এবারের নির্বাচনে প্রায় ১৩ কোটি ভোটার অংশ নেবেন। এই বিপুল সংখ্যক ভোটারের জন্য ৪২ হাজার ৭৬১টি ভোটকেন্দ্র চূড়ান্ত করা হয়েছে। জাতীয় নির্বাচন ও গণভোট একই দিনে হওয়ায় ভোটগ্রহণ সময় এক ঘণ্টা বাড়ানো হয়েছে। সময় বাঁচাতে একটি কক্ষে দুটি গোপন বুথও রাখা হয়েছে।