মতিঝিলে চোর সন্দেহে পিটিয়ে হত্যা

image 115

রাজধানীর মতিঝিল আরামবাগের একটি বাসায় চোর সন্দেহে এক ব্যক্তিকে পিটিয়ে হত্যা করা হয়েছে। নিহতের বয়স আনুমানিক ৫০ বছর। পুলিশ এখনও তার পরিচয় শনাক্ত করতে পারেনি। বুধবার (১০ ডিসেম্বর) সকালে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) মর্গে পাঠানো হয়েছে।

মতিঝিল থানার উপপরিদর্শক (এসআই) কাজী আরমান হোসেন জানিয়েছেন, খবর পেয়ে মঙ্গলবার রাতেই আরামবাগ করিম ভিলা, ৯৮/১ নম্বর বাড়িটির চতুর্থ ও পঞ্চম তলার মাঝামাঝির সিঁড়ি থেকে মরদেহ উদ্ধার করা হয়। নিহতের শরীরের দুই হাত, পিঠ এবং অন্যান্য স্থানে অসংখ্য আঘাতের চিহ্ন ছিল।

প্রাথমিক তদন্তে জানা গেছে, মঙ্গলবার সন্ধ্যায় ওই ব্যক্তি চুরি করার উদ্দেশ্যে বাড়িতে ঢুকেছিল। ৬ষ্ঠ তলার একটি বাসা থেকে মোবাইল ফোন চুরির সময় স্থানীয়রা তাকে ধরে মারধর করলে তার মৃত্যু ঘটে। বিস্তারিত তদন্ত চলছে।

এই ঘটনার বিষয়ে একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে। তবে এখনও পর্যন্ত কোনো গ্রেফতার নেই এবং নিহতের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।