
পেঁয়াজের দাম নিয়ন্ত্রণে সরকার আমদানির অনুমতি দেওয়ায় দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে আবারও ভারতীয় পেঁয়াজ আমদানি শুরু হয়েছে।
রোববার (৭ ডিসেম্বর) বিকেল সোয়া ৪টার দিকে প্রথম চালান হিসেবে পেঁয়াজবোঝাই ট্রাক বাংলাদেশে প্রবেশ করে। রকি ট্রেডার্স নামের আমদানিকারক প্রতিষ্ঠান ৩০ টন পেঁয়াজ এনেছে।
আমদানিকারক আতিক হাসান জানান, দেশীয় কৃষকের স্বার্থ রক্ষায় গত ৩০ আগস্ট থেকে পেঁয়াজ আমদানি বন্ধ ছিল। নতুন ইমপোর্ট পারমিট (আইপি) দেওয়ায় আবার আমদানি শুরু হয়েছে। প্রতি টন পেঁয়াজ ২৪৫ ডলারে আমদানি করা হচ্ছে। তিনি আশা প্রকাশ করেন, আমদানি বাড়লে বাজারে দামও কমে আসবে।
হিলি স্থলবন্দরের উদ্ভিদ সংরণ কর্মকর্তা ইউসুফ আলী বলেন, দাম স্থিতিশীল রাখতে সরকার আমদানির অনুমতি দেওয়ায় আজ থেকেই আইপি দেওয়া শুরু হয়েছে। প্রথমদিন চারজন আমদানিকারক মোট ১২০ টন পেঁয়াজ আমদানির অনুমতি পেয়েছেন।
হিলি স্থলবন্দর দিয়ে সর্বশেষ ৩০ আগস্ট পেঁয়াজ আমদানি হয়েছিল। এর পর দেশীয় উৎপাদকদের স্বার্থ বিবেচনায় আমদানি বন্ধ ছিল।