
বরিশাল বিভাগীয় তিন দিনব্যাপী ইজতেমা আগামী ১৮ ডিসেম্বর শুরু হচ্ছে। শহরের সোনা মিয়ার পুলসংলগ্ন নাসির কমপ্লেক্স হাউজিং ময়দানে অনুষ্ঠিতব্য এই ইজতেমার মাঠ প্রস্তুতির কাজ ইতিমধ্যে এগিয়ে চলছে। প্রায় ১৪ একর জায়গাজুড়ে গড়ে ওঠা ময়দানে কয়েক লাখ মুসল্লির সমাগমের প্রস্তুতি নেওয়া হয়েছে। ইজতেমা শেষ হবে ২০ ডিসেম্বর আখেরি মোনাজাতের মধ্য দিয়ে।
তাবলিগ জামায়াতের মার্কাজ ব্যবস্থাপনা সদস্য রাশেদ জানান, দেশি-বিদেশি বিপুল সংখ্যক মুসল্লি ইজতেমায় অংশ নেবেন। মালয়েশিয়া, ভারত, পাকিস্তানসহ বিভিন্ন দেশের মুসল্লিরা উপস্থিত থাকবেন বলে আশা করা হচ্ছে। মাঠে টয়লেট, ওজুর জন্য ট্যাপ ও টিউবওয়েল, এছাড়া রাতের জন্য পর্যাপ্ত আলোর ব্যবস্থাও করা হয়েছে।
বরিশাল মহানগর পুলিশ জানায়, ইজতেমাকে কেন্দ্র করে পুলিশ বাহিনীর সদস্যরা সাদা পোশাকে নিরাপত্তার দায়িত্ব পালন করবেন।
২০১৫ সালের ১০ ডিসেম্বর বরিশালে প্রথম তিন দিনব্যাপী জেলা ইজতেমা অনুষ্ঠিত হয়। তখন বিপুল সংখ্যক মুসল্লির উপস্থিতিতে ইজতেমার মাঠ ছাড়িয়ে আশপাশের সড়ক ও বাসাবাড়ি পর্যন্ত ভরে যায়, বিশেষ করে জুমার নামাজ ও আখেরি মোনাজাতে লক্ষাধিক মানুষ অংশ নেন।