ইমরান খানের বোনকে কারাগারে দেখা করার অনুমতি

image 28

পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) প্রতিষ্ঠাতা ইমরান খানের বোন উজমা খানকে মঙ্গলবার (২ ডিসেম্বর) আদিয়ালা কারাগারে বন্দি সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের সঙ্গে সাক্ষাতের অনুমতি দেওয়া হয়েছে। কারাগারে ইমরানের মৃত্যু নিয়ে ছড়ানো গুজব এবং পিটিআইয়ের পরিকল্পিত বিক্ষোভের আগে এই অনুমতি মেলে।

জিও নিউজ জানায়, উজমাকে জানানো হয়েছে যে তিনি জেল প্রাঙ্গণের ভেতরে ইমরান খানের সঙ্গে দেখা করতে পারবেন।

এদিকে ইমরানের আরেক বোন আলিমা খান ও পরিবারের অন্য সদস্যরা ফ্যাক্টরি নাকা এলাকায় পৌঁছান। সেখান থেকে আদিয়ালা কারাগারের রাস্তা আগেই পুলিশ বন্ধ করে দেয়। তবুও তারা হেঁটে কারাগারের দিকে রওনা হন, তবে গোরক্ষপুর চেকপয়েন্টে পুলিশ তাদের আটকে দেয়। পরে সাক্ষাতের অনুমতি পাওয়ার পর তারা আবার আদিয়ালা কারাগারের পথে যাত্রা শুরু করেন।

উজমা খান বলেন, ইমরানের সঙ্গে দেখা করার অনুমতি পেয়ে তিনি স্বস্তি বোধ করছেন এবং কারাগার থেকে ফিরে গণমাধ্যমের সঙ্গে কথা বলবেন।

অন্যদিকে, আদিয়ালা কারাগার এলাকায় নিরাপত্তা আরও জোরদার করা হয়েছে এবং বিশেষ নিরাপত্তা পরিকল্পনার অংশ হিসেবে জেল রোডে নতুন পাঁচটি চেকপয়েন্ট বসানো হয়েছে।