ভূমিকম্প পরবর্তী ভবন সুরক্ষা স্ক্যান সেবা চালু করেছে জামায়াতে ইসলামী

image 376

ভূমিকম্পের পর ভবনের নিরাপত্তা নিশ্চিত করতে বিশেষ স্ক্যানিং সেবা চালু করেছে জামায়াতে ইসলামী। দলটির প্রকৌশল বিভাগ ও সিভিল স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ারদের সমন্বয়ে চালু হওয়া এই সেবা বর্তমানে ঢাকা সিটি করপোরেশন ও আশপাশের এলাকায় দেওয়া হচ্ছে।

বুধবার (২৬ নভেম্বর) জামায়াতের আমির ডা. শফিকুর রহমানের অফিসিয়াল ফেসবুক পেজে এ তথ্য জানানো হয়।

জামায়াতের পক্ষ থেকে যে সেবাগুলো দেওয়া হচ্ছে তার মধ্যে রয়েছে— ভবনের প্রাথমিক ঝুঁকি মূল্যায়ন, প্রয়োজন হলে সাইট পরিদর্শন, দৃশ্যমান ক্ষতি ও ঝুঁকির চিহ্ন শনাক্তকরণ, নিরাপত্তা নির্দেশনা ও জরুরি করণীয় সম্পর্কে পরামর্শ, ভিডিও ডকুমেন্টেশনসহ প্রাথমিক রিপোর্ট এবং প্রয়োজনে বিশেষজ্ঞ প্যানেলের যাচাইকৃত চূড়ান্ত রিপোর্ট।

স্থাপনার নিরাপত্তা নিশ্চিত করতে বিজ্ঞপ্তিতে উল্লেখিত নম্বর— ০১৩২৭১২১৯৩৫, ০১৩২৭১২৩০৯৯, ০১৩২৭১২১৩০১— এ হোয়াটসঅ্যাপে সকাল ৮টা থেকে রাত ৮টার মধ্যে যোগাযোগ করতে বলা হয়েছে।

এর আগের দিন মঙ্গলবার (২৫ নভেম্বর) এক পোস্টে জামায়াতের আমির বলেন, ভূমিকম্পের পর সবাই উদ্বেগ ও অস্থিরতার মধ্যে সময় কাটাচ্ছে— যা স্বাভাবিক। নিজের পরিবার, বাড়ি ও আশপাশের মানুষের নিরাপত্তা নিয়ে দুশ্চিন্তা বাড়ছে। এমন সময়ে একে অপরের পাশে দাঁড়ানোই প্রকৃত মানবিক দায়িত্ব।

তিনি আরও বলেন, এটি শুধু প্রযুক্তিগত সেবা নয়— বরং পারস্পরিক দায়িত্ববোধ, ভালোবাসা ও সহমর্মিতার বাস্তব প্রয়াস। এই উদ্যোগ তখনই পূর্ণতা পাবে যখন মানুষের পাশে দাঁড়িয়ে প্রকৃত সেবা দেওয়ার সুযোগ মিলবে।