
জামায়াতে ইসলামী ঢাকা মহানগরের সেক্রেটারি এবং বাউফল উন্নয়ন ফোরামের চেয়ারম্যান ড. শফিকুল ইসলাম মাসুদ বলেছেন, বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া তাকে একবার জিজ্ঞেস করেছিলেন, “তোমার বাড়ি কোথায়?” তিনি তখন উত্তর দেন—“বাউফলে।” খালেদা জিয়া তখন বলেছিলেন, “অনেক দূর থেকে এসেছ তুমি? অনেক দূর যেতে হবে তোমাকে।”
ড. মাসুদ এসব কথা স্মরণ করেন আজ (২৬ নভেম্বর) বাউফল উপজেলা জামায়াত কার্যালয়ে আয়োজিত দোয়া-মিলাদ অনুষ্ঠানে, যা বেগম খালেদা জিয়ার দ্রুত সুস্থতার জন্য উপজেলা ছাত্রশিবিরের উদ্যোগে অনুষ্ঠিত হয়। তিনি বলেন, “জাতীয়তাবাদী দলের চেয়ারপার্সন এবং শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সহধর্মিণী হিসেবে দেশের জন্য তার অবদান অনন্য। আজও অনেকেই বলেন—‘শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের বিএনপি আমরা করতে চাই’, আবার অনেকেই বলেন—‘আমাদের চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার বিএনপি আমরা করতে চাই।’”
ড. মাসুদ আরও জানান, “যখন আমি ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি ছিলাম, তখন দেশের প্রধানমন্ত্রী হিসেবে তিনি বিভিন্ন পর্যায়ের বক্তৃতা প্রতিযোগিতায় আমাকে গোল্ড মেডেল দেন। সে সময় তার কথাটি—‘অনেক দূর যেতে হবে তোমাকে’—এখনো আমার জীবনের বড় অনুপ্রেরণা।”
তিনি রাজনৈতিক অঙ্গনের আরেক স্মৃতি স্মরণ করে বলেন, “সর্বদলীয় ছাত্রঐক্যের সভায় বক্তব্য সংক্ষিপ্ত করার সময় আমার হাতে স্লিপ দেওয়া হতো। খালেদা জিয়া বলতেন—‘ওকে স্লিপ দিও না, ও বলুক। ওর বক্তব্য শেষ হলে অনেকে চলে যাবে।’ এটি দেখায় যে, একজন উদারমানসিক নেতা দেশের জন্য কীভাবে কাজ করেন।”
ড. মাসুদ শেষ করেন, “আজ বেগম খালেদা জিয়া অসুস্থ। আমরা দোয়া করি—আল্লাহ যেন তাকে সুস্থতা দান করেন এবং দেশের উন্নয়নে শক্তি যোগান।”
দোয়া-মিলাদ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন—উপজেলা জামায়াতের নায়েবে আমির মো. রফিকুল ইসলাম, সেক্রেটারি অধ্যাপক খালেদুর রহমান, মাওলানা আব্দুল সোবাহান, মাওলানা আব্দুল গনি, বাউফল উন্নয়ন ফোরামের সভাপতি আসাদুজ্জামান সোহাগ, জেলা ছাত্রশিবিরের সভাপতি রাকিবুল হাসান, উপজেলা ছাত্রশিবিরের সভাপতি লিমন হোসেনসহ অন্যান্য নেতা-কর্মীরা।
এর আগে ড. মাসুদ ২৮ নভেম্বর বাউফল পাবলিক মাঠে অনুষ্ঠিত হবে জুলাই শহীদ স্মৃতি ফুটবল প্রীতি ম্যাচ ও সাংস্কৃতিক অনুষ্ঠান সফল করতে সংবাদ সম্মেলন করেন। খেলায় উদ্বোধক থাকবেন বাংলাদেশ জাতীয় ফুটবল দলের সাবেক তারকা কায়সার হামিদ। বিশেষ অতিথি থাকবেন জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক খালেদ মাসুদ পাইলট এবং ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ঢাকসু)-এর সাবেক জিএস এসএম ফরহাদ। প্রধান অতিথি থাকবেন ড. শফিকুল ইসলাম মাসুদ, এবং সভাপতিত্ব করবেন ড. আবুল কাসেম। খেলা আয়োজন করবে বাউফল উন্নয়ন ফোরাম।