মুসলিম ঐতিহ্য ধ্বংসের ঝুঁকি নিয়ে ভারতকে সতর্ক করেছে পাকিস্তান।

image 359

পাকিস্তান ভারতের ক্রমবর্ধমান ইসলামোফোবিয়া, সংখ্যালঘুদের অধিকার সংকুচিত হওয়া এবং মুসলিম ঐতিহ্য ধ্বংসের ঝুঁকি নিয়ে আন্তর্জাতিক সম্প্রদায়কে সতর্ক করেছে। মঙ্গলবার (২৫ নভেম্বর) দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে গভীর উদ্বেগ প্রকাশ করে। বিশেষভাবে অযোধ্যার ঐতিহাসিক বাবরি মসজিদের স্থানে নির্মিত রাম মন্দিরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির গেরুয়া পতাকা উত্তোলনকে পাকিস্তান সংখ্যালঘুদের ওপর চাপ সৃষ্টির প্রতিফলন হিসেবে উল্লেখ করেছে।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র তাহির হুসেইন আন্দ্রাবি বলেন, ভারতের সংখ্যাগরিষ্ঠতাবাদী হিন্দুত্ববাদী প্রভাবে মুসলিম ধর্মীয় ও সাংস্কৃতিক ঐতিহ্য ধ্বংসের চেষ্টা চলছে। তিনি অভিযোগ করেন, দেশে বহু ঐতিহাসিক মসজিদ অপবিত্র বা ধ্বংসের হুমকির মুখে রয়েছে, এবং ভারতীয় মুসলমানরা সামাজিক, অর্থনৈতিক ও রাজনৈতিকভাবে ক্রমবর্ধমানভাবে প্রান্তিকায়িত হচ্ছেন।

বিবৃতিতে পাকিস্তান আন্তর্জাতিক সম্প্রদায়কে ভারতের বাড়তে থাকা ঘৃণামূলক বক্তব্য, হামলা ও ইসলামোফোবিয়ার বিষয়ে সচেতন হওয়ার আহ্বান জানায়। জাতিসংঘসহ অন্যান্য আন্তর্জাতিক সংস্থাকে মুসলিম ঐতিহ্য রক্ষা এবং সংখ্যালঘুদের ধর্মীয় ও সাংস্কৃতিক অধিকার সুরক্ষায় কার্যকর ভূমিকা রাখতে বলা হয়েছে।

পাকিস্তান ভারতের সরকারকেও সতর্ক করে—মুসলিমসহ সব ধর্মীয় সম্প্রদায়ের নিরাপত্তা নিশ্চিত করতে এবং উপাসনালয়গুলো রক্ষা করতে। উল্লেখ্য, ১৯৯২ সালের ৬ ডিসেম্বর উগ্রবাদী জনতা শতাব্দীপ্রাচীন বাবরি মসজিদ ভেঙে মন্দির নির্মাণ শুরু করে। পরে আদালত সেই স্থানে মন্দির নির্মাণের অনুমোদন দেয়।

ভারতীয় গণমাধ্যম জানিয়েছে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সম্প্রতি রাম মন্দিরের শীর্ষে গেরুয়া পতাকা উত্তোলন করেছেন, যা নির্মাণ কাজ আনুষ্ঠানিকভাবে সম্পন্ন হওয়ার ইঙ্গিত বহন করে।