রেলবগিতে সংঘর্ষের ঘটনায় ছুরিকাঘাতে পপকর্ন বিক্রেতার মৃত্যু

image 337

তুচ্ছ বিবাদের জেরে ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে ঢাকা থেকে ছেড়ে আসা পঞ্চগড়গামী একতা এক্সপ্রেসের বগির ভেতর ছুরিকাঘাতে নিহত হয়েছেন আল আমিন (৩০) নামে এক পপকর্ন বিক্রেতা। এক নারিকেল বিক্রেতার বিরুদ্ধে এ হত্যাকাণ্ডের অভিযোগ উঠেছে।

ঘটনাটি প্রকাশ্যে আসে সোমবার (২৪ নভেম্বর) রাত ৯টার দিকে ট্রেনটি পীরগঞ্জ রেলওয়ে স্টেশনে পৌঁছালে। নিহত আল আমিন কুড়িগ্রামের উলিপুর উপজেলার চরবধুয়াথলি গ্রামের মন্টু মিয়ার ছেলে। তিনি নিয়মিত ট্রেনে হকারি করেই জীবিকা চালাতেন।

প্রত্যক্ষদর্শী ও রেলওয়ে সূত্রের তথ্যমতে, ঢাকা থেকে পঞ্চগড়গামী একতা এক্সপ্রেস পথে থাকাকালীন শেষ বগিতে আল আমিনের সঙ্গে সহকর্মী এক নারিকেল বিক্রেতার কথাকাটাকাটি শুরু হয়। বিষয়টি পরে রক্তক্ষয়ী সংঘর্ষে রূপ নেয় এবং এক পর্যায়ে নারিকেল বিক্রেতা আল আমিনকে ছুরিকাঘাত করে গুরুতর আহত করে।

পীরগঞ্জ রেলওয়ে স্টেশনে ট্রেন পৌঁছালে স্থানীয়রা আল আমিনকে উদ্ধার করে দ্রুত পীরগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। তবে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

হামলার পর অভিযুক্ত নারিকেল বিক্রেতা দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে পালিয়ে যায় বলে জানা গেছে।

পীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাজুল ইসলাম বলেন, নিহতের মরদেহ ঠাকুরগাঁও সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে। অভিযোগের ভিত্তিতে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। অভিযুক্তকে শনাক্ত করতে পুলিশ অভিযান শুরু করেছে এবং দ্রুততম সময়ের মধ্যেই তাকে আইনের আওতায় আনা হবে বলে জানান তিনি।