লটারি মাধ্যমে নির্ধারিত হলো দেশের ৬৪ জেলার নতুন এসপি

image 334

নির্বাচনকালীন দায়িত্ব পালনের জন্য দেশের ৬৪ জেলায় লটারির মাধ্যমে পুলিশ সুপার (এসপি) নিয়োগ চূড়ান্ত করা হয়েছে। বর্তমানে দায়িত্বে থাকা ৬৪ জেলার এসপিদের ভিন্ন জেলায় পাঠানো হবে। দুই–এক দিনের মধ্যেই এ–সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করবে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

স্বরাষ্ট্র মন্ত্রণালয় সূত্র জানায়, বিদ্যমান ৬৪ এসপির মধ্যে ১৫ জনকে বাদ দিয়ে নতুন ১৫ জন নিয়োগ দেওয়া হবে। বাকি ৪৯ জনকে বর্তমানে যে জেলায় দায়িত্বে রয়েছেন সেখান থেকে সরিয়ে অন্য জেলায় পাঠানো হবে। এজন্য সোমবার প্রধান উপদেষ্টার উপস্থিতিতে লটারি অনুষ্ঠিত হয়, যেখানে ৬৪ জেলার এসপি মনোনয়ন চূড়ান্ত করা হয়।

এর আগে গত শনিবার (২২ নভেম্বর) সন্ধ্যায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে অনুষ্ঠিত এক গুরুত্বপূর্ণ বৈঠকে এ বিষয়ে আলোচনা হয়। ঊর্ধ্বতন কর্মকর্তাদের নিয়োগ ও বদলির তদারকিতে গঠিত আইন–শৃঙ্খলা বিষয়ক কমিটির এ বৈঠকটি অনুষ্ঠিত হয়। কমিটির সভাপতি স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। সদস্যদের মধ্যে রয়েছেন অন্তবর্তী সরকারের আইন উপদেষ্টা আসিফ নজরুল, আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া, প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মো. খোদা বখস চৌধুরী, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাসিমুল গনি, আইজিপি বাহারুল আলম এবং কমিটির সদস্যসচিব নৌপরিবহন উপদেষ্টা এম সাখাওয়াত হোসেন।

জেলা পুলিশের এসপি, ডিআইজি ও তার ওপরের পদে নিয়োগ, বদলি ও শৃঙ্খলাবিষয়ক পরামর্শ প্রদান করে এই কমিটি।

সূত্র আরও জানায়, শনিবার বিকেল ৪টায় শুরু হওয়া বৈঠকটি প্রায় দুই ঘণ্টা স্থায়ী হয়। সেখানে নির্বাচনকালীন এসপি নিয়োগ নিয়ে বিস্তারিত আলোচনা হয়। কারা কোথায় দায়িত্ব পেতে পারেন—এই তালিকা নিয়েও দীর্ঘ পর্যালোচনা হয়। পরে প্রধান উপদেষ্টার কার্যালয়ে লটারি অনুষ্ঠিত হয় বলে জানা গেছে। আগেই ধারণা করা হচ্ছিল, এবার লটারির মাধ্যমেই এসপি নিয়োগ চূড়ান্ত করা হবে।

সূত্র মতে, ৬৪টি জেলাকে এ, বি ও সি—এই তিন ক্যাটাগরিতে ভাগ করা হয়। এর মধ্যে এ ক্যাটাগরিতে ২৭টি, বি ক্যাটাগরিতে ২৮টি এবং সি ক্যাটাগরিতে ৯টি জেলা রয়েছে। বর্তমানে দায়িত্বে থাকা ৬৪ এসপির মধ্যে থেকে ১৫ জনকে বাদ দিয়ে নতুন ১৫ জনকে যুক্ত করে লটারি করা হয়। লটারির মাধ্যমে নির্ধারিত হয় কে কোন জেলার এসপি হবেন। এই কর্মকর্তারাই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দায়িত্ব পালন করবেন।