
কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলায় শনিবার (২২ নভেম্বর) বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই ভাইয়ের মৃত্যু হয়েছে। শাহেদল ইউনিয়নের গলাচিপা গ্রামে ঘটেছে এই মর্মান্তিক ঘটনা। নিহত নুরু খান (৬০) ও ফজলু খান (৫৫) একই পরিবারের সদস্য।
শাহেদল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. ফিরুজ উদ্দিন জানান, ভোরে নুরু খান বাড়ির পাশে গরুর জন্য খড় আনতে গেলে ছিঁড়ে থাকা বিদ্যুতের তারে পা লেগে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন। তাকে বাঁচাতে ছোট ভাই ফজলু খান ছুটে গেলে তিনিও একই তারে স্পৃষ্ট হয়ে প্রাণ হারান।
হোসেনপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা নাহিদা সুলতানা জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মৃতদেহ উদ্ধার করে থানায় নিয়ে গেছে। এ ঘটনায় পরিবার ও এলাকায় নেমে এসেছে গভীর শোক।