ভূমিকম্পের সময় করণীয় ও বারণীয় নির্দেশনা।

image 310

শুক্রবার (২১ নভেম্বর) সকাল ১০টা ৩৮ মিনিটে দেশে ৫ দশমিক ৭ মাত্রার ভূমিকম্পসহ কয়েকটি হালকা কম্পন অনুভূত হয়েছে। এই পরিস্থিতিতে ভীত না হয়ে কীভাবে নিরাপদ থাকবেন, সে বিষয়ে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স কিছু করণীয় নির্দেশনা দিয়েছে—

(১) ভূমিকম্প অনুভূত হলে শান্ত থাকুন। যদি নিচতলায় থাকেন, দ্রুত বাইরে বের হয়ে খোলা জায়গায় দাঁড়ান।

(২) বহুতল ভবনে অবস্থান করলে Drop–Cover–Hold পদ্ধতি অনুসরণ করুন—
নিচু হয়ে পড়ুন, একটি মজবুত টেবিল বা ডেস্কের নিচে আশ্রয় নিন এবং সেটি শক্ত করে ধরে রাখুন। কলামের পাশে বা বিমের নিচেও অবস্থান করা নিরাপদ। মাথা সুরক্ষার জন্য বালিশ বা কুশন ব্যবহার করতে পারেন।

(৩) ভূমিকম্প চলাকালে লিফট ব্যবহার করবেন না। কম্পন থেমে গেলে দ্রুত বিদ্যুৎ ও গ্যাস সংযোগ বন্ধ করুন।

(৪) বারান্দা, ব্যালকনি, জানালা, বুকশেলফ, আলমিরা বা ঝুলন্ত ভারী জিনিসপত্রের কাছ থেকে দূরে থাকুন। টর্চ, হেলমেট, জরুরি ওষুধ ও বাঁশি হাতের কাছে রাখুন।

(৫) বাইরে থাকলে গাছ, উঁচু ভবন ও বৈদ্যুতিক খুঁটি থেকে দূরে সরে গিয়ে খোলা জায়গায় আশ্রয় নিন।

(৬) গাড়িতে থাকলে ওভারব্রিজ, ফ্লাইওভার, গাছ বা বৈদ্যুতিক খুঁটি থেকে দূরে গাড়ি থামান। কম্পন থামা পর্যন্ত গাড়ির ভেতরেই অবস্থান করুন।

(৭) একটি বড় ভূমিকম্পের পর আফটারশক হতে পারে। তাই ক্ষতিগ্রস্ত ভবন, ব্রিজ বা ঝুঁকিপূর্ণ অবকাঠামোতে না যাওয়াই উত্তম, কারণ সেগুলো আবারও ধসে পড়তে পারে।

(৮) সবার সম্মিলিত সচেতনতা ও প্রস্তুতিই ক্ষয়ক্ষতি কমাতে সহায়তা করে। জরুরি প্রয়োজনে যোগাযোগ করুন—
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স হটলাইন: ১০২