
প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা অধ্যাপক ডা. বিধান রঞ্জন রায় পোদ্দার বলেছেন, ভূমিকম্পের মতো অনিশ্চিত অবস্থার কারণে বিদ্যালয় বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া উচিত নয়।
রবিবার দুপুরে টাঙ্গাইল সদর উপজেলার কাতুলি ইউনিয়নের বাগবাড়ী চৌবাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নবনির্মিত প্লেগ্রাউন্ড উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।
তিনি বলেন, “ভূমিকম্প যে কোনো সময় হতে পারে। তাই আতঙ্কিত না হয়ে সচেতনতা ও প্রস্তুতি বাড়ানোই এখন জরুরি।”
তিনি আরও জানান, বিদ্যালয়গুলোর জন্য প্রয়োজনীয় সতর্কতামূলক নির্দেশনা ইতোমধ্যে পাঠানো হয়েছে।
উপদেষ্টা আরও বলেন, বর্তমানে দেশের প্রাথমিক বিদ্যালয়গুলোতে প্রায় ৩২ হাজার প্রধান শিক্ষকের পদ শূন্য, যা বিদ্যালয় পরিচালনায় বড় চ্যালেঞ্জ তৈরি করছে। মামলাজনিত জটিলতার কারণে এসব পদে পদোন্নতি দীর্ঘদিন ধরে আটকে আছে, আর বিষয়টি এখন সুপ্রিম কোর্টে বিচারাধীন।
তিনি জানান, মামলাটি দ্রুত নিষ্পত্তির চেষ্টা চলছে। মামলা নিষ্পত্তি হলে ৩২ হাজার সহকারী শিক্ষককে প্রধান শিক্ষক হিসেবে পদোন্নতি দেওয়া হবে। এরপর যে পদগুলো শূন্য হবে, সেগুলোতে নতুন নিয়োগ দেওয়া হবে।