বঙ্গোপসাগরে একটি ঘূর্ণিঝড় সৃষ্টির আশঙ্কা জোরালো হয়েছে, যা আগামী মাসের প্রথম সপ্তাহেই উপকূলে আঘাত হানতে পারে।
শনিবার (২২ নভেম্বর) বিকেলে কানাডার সাসকাচুয়ান বিশ্ববিদ্যালয়ের আবহাওয়া ও জলবায়ু গবেষক মোস্তফা কামাল পলাশ জানান, চলতি মাসের ২৫ বা ২৬ তারিখে আন্দামান-নিকোবর দ্বীপপুঞ্জের দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে একটি লঘুচাপ তৈরি হতে পারে। এটি ধীরে ধীরে নিম্নচাপ, গভীর নিম্নচাপ হয়ে ঘূর্ণিঝড়ে রূপ নেওয়ার সম্ভাবনা রয়েছে।
তিনি বলেন, পূর্বাভাস অনুযায়ী সম্ভাব্য ঘূর্ণিঝড়টি ভারতের অন্ধ্র প্রদেশ থেকে শুরু করে বাংলাদেশের চট্টগ্রাম উপকূলের মধ্যবর্তী যেকোনো স্থানে ১ থেকে ৪ ডিসেম্বরের মধ্যে আঘাত হানতে পারে।
সম্ভাব্য এই ঘূর্ণিঝড়ের প্রভাবে ৩০ নভেম্বর থেকে ৫ ডিসেম্বর পর্যন্ত দেশে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে। এছাড়া ২৮ নভেম্বরের পর উত্তর বঙ্গোপসাগর উত্তাল হতে পারে—তাই ৩০ নভেম্বরের মধ্যে সব জেলেদের উপকূলে ফিরে আসতে এবং ২৯ নভেম্বরের পর নতুন করে সমুদ্রে মাছ ধরতে না যেতে পরামর্শ দিয়েছেন তিনি।
