আগামী জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৮ আসনে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসের বিরুদ্ধে লড়াইয়ে নামছেন জুলাই বিপ্লবের আলোচিত মুখ—‘বিপ্লবী রিকশাওয়ালা’ সুজন। বৃহস্পতিবার (২০ নভেম্বর) সন্ধ্যায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) অস্থায়ী কার্যালয় থেকে তিনি আনুষ্ঠানিকভাবে মনোনয়নপত্র সংগ্রহ করেন। এ সময় এনসিপির শীর্ষ নেতারাও তার পাশে ছিলেন।
জুলাই আন্দোলনের সময় শিক্ষার্থীদের প্রতি স্যালুট জানিয়ে সুজন এক রাতেই দেশজুড়ে পরিচিত হন। সেই জনপ্রিয়তা আর মানুষের ভালোবাসাকে শক্তি বানিয়েই এবার নির্বাচনী মাঠে বড় লড়াইয়ের স্বপ্ন দেখছেন তিনি।
মনোনয়ন সংগ্রহের পর সুজন বলেন, “আমি সংগ্রামের মানুষ। সাধারণ মানুষের প্রতিনিধি হিসেবেই নির্বাচন করতে চাই। এনসিপি থেকে মনোনয়ন ফরম কিনেছি—এটাই প্রমাণ করে যে এখানে সবাই সমান সুযোগ পায়। নির্বাচনে দাঁড়াতে চাইলে কেউই বঞ্চিত হয় না।”
তিনি আরও বলেন, “মানুষের ভালোবাসাই আমার সবচেয়ে বড় শক্তি। সাধারণ মানুষের ভোটেই আমি জয়ী হব—এটাই আমার বিশ্বাস।”
ঢাকা-৮ আসনকে ঘিরে ইতোমধ্যে তৈরি হয়েছে বহুমুখী প্রতিদ্বন্দ্বিতা। বিএনপির প্রার্থী মির্জা আব্বাস, জামায়াতের প্রার্থী অ্যাডভোকেট হেলাল উদ্দিন এবং স্বতন্ত্র প্রার্থী হিসেবে ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদী ইতোমধ্যে লড়াইয়ে নামার ঘোষণা দিয়েছেন।
সবার নজর এখন সেই রিকশাচালক সুজনের দিকে—যিনি নিজের সরলতা, সাহসিকতা এবং আন্দোলনের দিনগুলোতে ভাইরাল হওয়া মুহূর্তগুলোকে পুঁজি করে এবার সরাসরি জাতীয় নির্বাচনী লড়াইয়ে নামছেন।
