
ইফতেখার হোসাইন ,প্রতিবেদক :
অস্ট্রেলিয়ায় বসবাস মানেই মাঝে মাঝে বাড়ির আশেপাশে সাপের দেখা পাওয়া অস্বাভাবিক নয়। তবে সিডনির একজন বাসিন্দা এমন এক পরিস্থিতির সম্মুখীন হয়েছেন যা কল্পনাকেও হার মানায়। তাঁর বাগানে মাটি খুঁড়ে একেবারে ১০২টি সাপ পাওয়া গেছে।
ডেভিড স্টেইন নামে ওই ব্যক্তি সিডনির উপশহরে নিজের বাড়ির পেছনের বাগানে মালচের (পাতা ও কাঠের টুকরার স্তূপ) মধ্যে কিছু সাপ দেখতে পান। এরপর তিনি “রেপ্টাইল রিলোকেশন সিডনি” নামে একটি প্রতিষ্ঠানকে ডাকেন।

সাপ ধরার কাজ শেষ হলে ডিলান কুপার মোট ১০২টি সাপ উদ্ধার করেন, যার মধ্যে ৫টি প্রাপ্তবয়স্ক এবং ৯৭টি সদ্য জন্ম নেওয়া ছিল। প্রতিষ্ঠানটির মালিক কোরি কেরেওয়ারো জানিয়েছেন, সাপগুলো ছিল বিষাক্ত প্রজাতির রেড-বেলিড ব্ল্যাক স্নেক।
কেরেওয়ারোর মতে, এই প্রজাতির মা সাপগুলো সাধারণত একই জায়গায় জড়ো হয়ে ডিম পাড়ে। তবে এত বিপুল সংখ্যক সাপের একত্রিত জন্ম দেওয়ার ঘটনা বিরল।
তিনি বলেন, “এমন ঘটনা আগে কখনো দেখা যায়নি। এটি বেশ অদ্ভুত।”
একটি অন্তঃসত্ত্বা সাপ অপসারণের ব্যাগে থাকা অবস্থায়ই আরও বাচ্চা সাপ প্রসব করে। ডিলান কুপারকে সব সাপ সরাতে প্রায় তিন ঘণ্টা সময় লেগেছিল।
কেরেওয়ারো বলেন, “সঠিক সময়ে আমাদের ডাক দেওয়ায় ভালো হয়েছে। সাপগুলো তখনো বাগান থেকে আশেপাশে ছড়িয়ে পড়েনি।”

হর্সলি পার্কের বাসিন্দা স্টেইন স্থানীয় টেলিভিশন চ্যানেল “সানরাইজ” শোতে বলেন, তিনি মালচের স্তূপের মধ্যে সাপ দেখতে পেয়েছিলেন যা তাঁকে ভীষণ ভয় পাইয়ে দেয়।
প্রথমে তিনি ভেবেছিলেন মাত্র ছয়টি সাপ রয়েছে। পরে স্তূপ খুঁড়ে আলাদা দুই জায়গায় আরও সাপের সন্ধান পাওয়া যায়।
তাঁর স্ত্রী ইন্টারনেটে খুঁজে দেখেন যে মা সাপেরা জন্মের আগে প্রায়ই একত্রিত হয়। তাই স্টেইন “রেপ্টাইল রিলোকেশন সিডনি”-এর সঙ্গে যোগাযোগ করেন।
তিনি বলেন, পুরো ঘটনা দেখাটা রোমাঞ্চকর ছিল, তবে এখন সাপগুলো চলে যাওয়ায় তিনি স্বস্তি বোধ করছেন।
কোরি কেরেওয়ারো জানান, সাপগুলোকে একটি জাতীয় উদ্যানে ছেড়ে দেওয়া হবে।
/হ্যাভেন টিভি ডট প্রেস