গাজীপুরে টিনশেড কলোনিতে অ’গ্নি’কা’ণ্ড: ১০০ ঘর পুড়ে ছাই

image 268

গাজীপুর মহানগরের একটি টিনশেড কলোনিতে ভয়াবহ অগ্নিকাণ্ডে প্রায় ১০০টি ঘর পুড়ে ছাই হয়ে গেছে। বুধবার (১৯ নভেম্বর) বিকেল পাঁচটার দিকে কোনাবাড়ীর জরুন এলাকায় রুমেল পাঠানের টিনশেড কলোনিতে এই আগুনের সূত্রপাত হয়।

ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্র জানায়, একটি রুম থেকে আগুন ছড়িয়ে মুহূর্তেই পুরো কলোনি গ্রাস করে। স্থানীয়রা প্রথমে আগুন নেভানোর চেষ্টা করলেও তীব্রতা বেশি হওয়ায় ব্যর্থ হন। খবর পেয়ে কোনাবাড়ী মডার্ন ফায়ার সার্ভিসের দুটি ইউনিট এবং পরে সারাবো মডার্ন স্টেশনের আরও দুটি ইউনিট যোগ দিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

বাড়ির মালিক রুমেল পাঠান বলেন, “১০০টি ঘরের কিছুই রক্ষা করা সম্ভব হয়নি।”
অনেক ভাড়াটিয়াই সবকিছু হারিয়ে দিশেহারা। পোশাক শ্রমিক শাহ আলম বলেন, “পরনের কাপড় ছাড়া কিছুই বাকি নেই।”
ভাড়াটিয়া রহিমা বেগম জানান, “কয়েকদিন আগে পাওয়া বেতনের সব টাকা রুমে ছিল—এক মুহূর্তে সব শেষ।”

স্থানীয়রা অভিযোগ করেন, সরু রাস্তার কারণে দমকল বাহিনীকে আগুন নেভাতে বেগ পোহাতে হয়েছে।

কোনাবাড়ী মডার্ন ফায়ার সার্ভিসের ওয়্যারহাউস ইন্সপেক্টর মো. সাইফুল ইসলাম জানান, হতাহতের কোনো খবর নেই। আগুনের কারণ এবং ক্ষয়ক্ষতির পরিমাণ এখনও নির্ধারণ করা যায়নি।