কোম্পানীগঞ্জ–কবিরহাটে কাফন পরে বিক্ষোভে উত্তেজনা

image 267

নোয়াখালী-৫ (কোম্পানীগঞ্জ–কবিরহাট) আসনে বিএনপির ঘোষিত প্রার্থী ফখরুল ইসলামের পরিবর্তে বজলুল করিম চৌধুরী আবেদকে মনোনয়ন দেওয়ার দাবিতে কাফনের কাপড় পরে বিক্ষোভ মিছিল করেছে স্থানীয় বিএনপির একাংশ।

বুধবার (১৯ নভেম্বর) বিকেলে কবিরহাট বাজারে কয়েক শ নেতা–কর্মী এই কর্মসূচিতে অংশ নেন। তারা স্লোগান দেন— “পরিবর্তন চাই, কবিরহাটের মনোনয়ন চাই”, “আবেদ ভাই ভয় নাই, রাজপথ ছাড়ি নাই”, “অবৈধ ঘোষণা মানি না, মানব না”— ইত্যাদি।

প্রত্যক্ষদর্শীরা জানান, বিকেলে কবিরহাট কলেজের সামনে আবেদপন্থিরা জড়ো হয়ে কাফনের কাপড় পরে মিছিল শুরু করেন। মিছিলটি বাজার ঘুরে জিরো পয়েন্টে গিয়ে শেষ হয়। এতে উপজেলা, পৌর বিএনপি ও বিভিন্ন অঙ্গসংগঠনের বহু নেতা–কর্মী উপস্থিত ছিলেন।

সমর্থক মো. হারুন অভিযোগ করেন, বিএনপির ঘোষিত প্রার্থী ফখরুল ইসলাম “জামায়াতের প্রোডাক্ট” এবং দলের আদর্শের সঙ্গে সাংঘর্ষিক। তার ভাষায়, “আমরা বিএনপিতে বিএনপির লোক চাই। এস আলমের দোসরকে চাই না। ব্যাংক খাত পঙ্গু করার জন্য আমরা তার নিন্দা জানাই।”

অন্যদিকে সম্ভাব্য প্রার্থী বজলুল করিম চৌধুরী আবেদ বলেন, দলের প্রতি তার ৩৯ বছরের নিবেদনই স্থানীয় নেতাদের সমর্থনের কারণ। তবে মনোনয়ন নিয়ে দলের সিদ্ধান্তই চূড়ান্ত বলে মন্তব্য করেন তিনি।

ঘোষিত প্রার্থী ফখরুল ইসলাম অভিযোগ অস্বীকার করে বলেন, “আমার বিরুদ্ধে সব অভিযোগ মিথ্যা। কেউ যদি আমার কোনো অনিয়ম বা জামায়াতের সম্পৃক্ততার প্রমাণ দিতে পারে, আমি রাজনীতি ছেড়ে দেব।” তিনি আরও বলেন, এ ধরনের বিক্ষোভ দলীয় শৃঙ্খলা ভঙ্গের শামিল এবং বিষয়টি কেন্দ্রের সিদ্ধান্তের ওপর নির্ভর করবে।