সারাদেশে মোবাইল বিক্রির সব দোকান বন্ধের সিদ্ধান্ত

image 262

বিজনেস কমিউনিটি বাংলাদেশ (এমবিসিবি) সারা দেশে মোবাইল ফোন বিক্রির সব দোকান সাময়িকভাবে বন্ধ রাখার ঘোষণা দিয়েছে। বুধবার (১৯ নভেম্বর) ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে (ডিআরইউ) আয়োজিত সংবাদ সম্মেলনে সংগঠনটির নেতারা এ সিদ্ধান্ত জানিয়ে দেন।

সংবাদ সম্মেলনে বক্তারা অভিযোগ করেন, সুমাশটেকের প্রধান নির্বাহী আবু সাঈদ পিয়াসকে গোয়েন্দা পুলিশ তুলে নেওয়ার প্রতিবাদেই এ সিদ্ধান্ত। তারা বলেন, “অ্যাসোসিয়েশনের সেক্রেটারি পিয়াসকে আজকের মধ্যেই মুক্তি না দিলে সারা দেশে কঠোর আন্দোলনে নামবো। প্রয়োজনে দেশ অচল করে দেবো।”

বক্তারা জানান, পিয়াসকে তুলে নেওয়ার ঘটনার সঠিক তদন্ত এবং দ্রুত মুক্তির দাবিতে দেশজুড়ে সব মোবাইল ফোন বিক্রির দোকান বন্ধ থাকবে। তাদের দাবি— ঘটনাটি পরিকল্পিতভাবে করা হয়েছে এবং ব্যবসায়ী সমাজ এতে ক্ষুব্ধ।

গতকাল রাতে সুমাশটেকের প্রধান নির্বাহী কর্মকর্তা ও স্মার্টফোন–গ্যাজেট ব্যবসায়ী আবু সাঈদ পিয়াসকে গোপনে ডিবি নিয়ে গেছে বলে অভিযোগ ওঠে। তার পরিবারের এক সদস্য বিষয়টি নিশ্চিত করেছেন।

পিয়াসের স্ত্রী সুমাইয়া চৌধুরী জানান, মঙ্গলবার গভীর রাত ৩টার দিকে মিরপুর-১ এলাকার বাসা থেকে ডিবির সদস্যরা তার স্বামীকে নিয়ে যায় এবং তার মোবাইল ফোনটিও জব্দ করে। তিনি দ্রুত স্বামীর সন্ধান ও মুক্তির দাবি জানান।