
মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের সর্বোচ্চ শাস্তির প্রত্যাশা প্রকাশ করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম।
বৃহস্পতিবার (১৩ নভেম্বর) দুপুরে ট্রাইব্যুনাল প্রাঙ্গণে, শেখ হাসিনার মামলার রায় ঘোষণার দিন ধার্য হওয়ার পর সাংবাদিকদের সঙ্গে আলাপে তিনি বলেন, “আমরা আদালতের কাছে আসামিদের সর্বোচ্চ শাস্তির আবেদন করেছি। আদালত অবশ্যই সুবিবেচনা প্রয়োগ করবেন, তবে আমাদের প্রার্থনা হলো যে, এই অপরাধের দায়ে আসামিদের সর্বোচ্চ সাজা নিশ্চিতভাবে দেওয়া হোক।”
মামলাটি জুলাই-আগস্ট আন্দোলনের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের সঙ্গে সম্পর্কিত। এতে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও আরও তিনজনের বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে। রায় ঘোষণার দিন ধার্য করা হয়েছে ১৭ নভেম্বর (সোমবার)।
বৃহস্পতিবার বেলা ১২টা ৯ মিনিটে ট্রাইব্যুনাল-১-এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল রায় ঘোষণার দিন নির্ধারণ করেন। প্যানেলের অন্য দুই সদস্য হলেন বিচারপতি মো. শফিউল আলম মাহমুদ ও বিচারপতি মো. মোহিতুল হক এনাম চৌধুরী।