নামাজরত অবস্থায় এক ব্যক্তির ওষুধের দোকান থেকে চুরি হয়ে গেছে টাকা।

image 155

রাজধানীর যাত্রাবাড়ীর ধলপুর এলাকায় নামাজরত অবস্থায় এক ব্যক্তির ফার্মেসি থেকে টাকা চুরির ঘটনা ঘটেছে। ওই ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছে।

ঘটনাটি ঘটে গত রোববার (৯ নভেম্বর) সন্ধ্যায়। দোকানদার আবু বকর নিজেই নিজের ফেসবুকে ভিডিওটি শেয়ার করে লিখেছেন, “এই চোরকে ধরিয়ে দিন।”

ভিডিওতে দেখা যায়, ফার্মেসিতে একা বসে নামাজ পড়ছেন আবু বকর। দোকানে কোনো ক্রেতা বা কর্মচারী নেই। এমন সময় কালো ক্যাপ পরা এক যুবক দোকানের সামনে হেঁটে গিয়ে কিছুক্ষণ পর ফিরে আসে এবং দোকানের সামনে দাঁড়িয়ে পর্যবেক্ষণ শুরু করে। কিছুক্ষণ দোকানের ভেতরে তাকিয়ে দেখে কোথায় টাকা রাখা হয়েছে।

এরপর যুবকটি সিসি ক্যামেরা আছে কি না তা যাচাই করে বাইরে অপেক্ষা করতে থাকে। নামাজরত আবু বকর সেজদায় যাওয়ার সঙ্গে সঙ্গেই সে দ্রুত দোকানের ভেতরে ঢুকে টাকাগুলো নিয়ে পালিয়ে যায়।

ভিডিওর নিচে সৈকত আহমেদ রায়হান নামের এক ব্যক্তি মন্তব্য করে লেখেন, “ছেলেটির নাম শুভ। ওর বড় ভাই আক্তার। কাজী দরগাহ মসজিদের পাশে ইনকিলাবের দোকানে গেলে ওর ভাইকে পাওয়া যাবে, ছবি দেখালে বাকিরাও চিনবে।”

ভুক্তভোগী আবু বকর জানান, “ঘটনাটি ৯ নভেম্বরের। তখন আমি মাগরিবের নামাজ আদায় করছিলাম। আমার বোন আসরের সময় আমাকে ৬০ হাজার টাকা দিয়েছিল—ওটাই নিয়ে যায় চোর। ঘটনার রাতেই আমি যাত্রাবাড়ী থানায় অভিযোগ দায়ের করেছি।”