
সুন্দরবনের ঢাংমারী ফরেস্ট অফিসের দক্ষিণ পাশের খালে পর্যটকবাহী একটি নৌকা উল্টে রিয়ান (৩০) নামে এক যুক্তরাষ্ট্রপ্রবাসী নারী নিখোঁজ হয়েছেন। তিনি বিমানের এক নারী পাইলট বলে জানা গেছে। শনিবার (৮ নভেম্বর) দুপুর ১টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, সুন্দরবনের পাশে অবস্থিত একটি রিসোর্ট থেকে ১৩ সদস্যের পর্যটক দল করমজল ভ্রমণের উদ্দেশ্যে রওনা দেয়। পথে কোস্টগার্ডের একটি স্পিডবোট পাশ দিয়ে যাওয়ার সময় সৃষ্ট প্রবল ঢেউয়ে তাদের নৌকাটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়।
চিৎকার শুনে আশপাশের জেলে ও রিসোর্টের কর্মীরা দ্রুত উদ্ধার কাজে অংশ নেন। এতে ১২ জন যাত্রীকে জীবিত উদ্ধার করা গেলেও রিয়ান নামে ওই নারী নিখোঁজ রয়েছেন।
দুর্ঘটনার পর স্থানীয় প্রশাসন, বনবিভাগ ও কোস্টগার্ড সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করেন।
রিসোর্টের এক কর্মকর্তা বলেন, ‘আমাদের অতিথিরা করমজলের পথে ছিলেন। দুর্ঘটনার পরপরই আমরা উদ্ধার কাজে অংশ নিই। ১২ জনকে নিরাপদে তীরে আনা গেলেও একজন এখনও নিখোঁজ।’
স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, নিখোঁজ রিয়ানকে উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে।
.