চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে সংঘর্ষের ঘটনায় ফ্রিজে রাখা খুলি দুই মাস পর মামুনের মাথায় বসানো হলো।

image 39

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) স্থানীয়দের সঙ্গে সংঘর্ষে গুরুতর আহত সমাজতত্ত্ব বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী মামুন মিয়ারের মাথার খুলি সফলভাবে প্রতিস্থাপন করা হয়েছে।

শনিবার (১ নভেম্বর) নগরের পার্কভিউ হাসপাতালে অস্ত্রোপচারের মাধ্যমে তার মাথার খুলির অংশ প্রতিস্থাপন করা হয়। অপারেশনের পর তার শারীরিক অবস্থা আগের তুলনায় ভালো।

এদিকে, একই ঘটনায় গুরুতর আহত আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের শিক্ষার্থী ইমতিয়াজ আহমেদের অবস্থাও আগের তুলনায় উন্নতি করেছে। গত দুই মাস ধরে পার্কভিউ হাসপাতালে চিকিৎসাধীন থাকা ইমতিয়াজকে বর্তমানে ফিজিওথেরাপি দেওয়া হচ্ছে।

মামুনের মাথার খুলির প্রতিস্থাপন কাজটি করেছেন চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের নিউরোসার্জারি বিভাগের সহকারী অধ্যাপক মু. ইসমাঈল হোসেন। তিনি বলেন, “অপারেশনের পর কিছু জটিলতা দেখা দিতে পারে, তাই আমরা বিষয়টি প্রকাশ্যে আনিনি। তবে অপারেশন সফল হয়েছে। দু-এক দিনের মধ্যে তাদের হাসপাতাল থেকে ছাড়পত্র দেওয়া হবে এবং তখন পরিস্থিতি নিয়ে বিস্তারিত জানানো হবে।”

উল্লেখ্য, গত ৩০ আগস্ট দিবাগত রাত সোয়া ১২টা থেকে পরদিন ৩১ আগস্ট দুপুর পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের ২ নম্বর গেট এলাকায় স্থানীয় বাসিন্দাদের সঙ্গে শিক্ষার্থীদের মধ্যে কয়েক দফা সংঘর্ষ ও পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে। সংঘর্ষের সূত্রপাত হয় এক ছাত্রীকে মারধরের অভিযোগ থেকে। এ সংঘর্ষে সহ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক মো. কামাল উদ্দিন, তখনকার প্রক্টর অধ্যাপক তানভীর মোহাম্মদ হায়দার আরিফসহ অন্তত ২০০ শিক্ষার্থী আহত হন। এছাড়া ১০-১২ জন স্থানীয় বাসিন্দাও আহত হন।

সংঘর্ষের ফলে মামুন ও ইমতিয়াজের মাথায় গুরুতর আঘাত লাগে। প্রথমে তাদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয় এবং গুরুতর অবস্থায় পরে লাইফ সাপোর্টে পার্কভিউ হাসপাতালে স্থানান্তর করা হয়। এরপর মামুনের মাথার খুলির অংশ নিরাপদে রাখা হয়েছিল, যা অবশেষে সফলভাবে পুনঃপ্রতিস্থাপন করা হয়েছে।