
ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের ঘারিন্দা বাইপাস এলাকায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় একজন সিএনজি চালক ও এক যাত্রী নিহত হয়েছেন।
রোববার (২ নভেম্বর) রাত ২টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন টাঙ্গাইলের কালিহাতী উপজেলার আকুয়া এলাকার সাহেব আলী এবং ভুক্তা এলাকার আব্দুল্লাহ।
পুলিশ সূত্রে জানা যায়, রাতে ঘারিন্দা আন্ডারপাস পার হওয়ার সময় অজ্ঞাত একটি বাস সিএনজিচালিত অটোরিক্সাকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। দুর্ঘটনায় সিএনজি দুমড়ে-মুচড়ে গেলে চালক ও এক যাত্রী গুরুতর আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে নিয়ে যান, কিন্তু অবস্থার অবনতি হওয়ায় পরে ঢাকায় রেফার করা হয়। পথে দুজনই মারা যান।
এলেঙ্গা হাইওয়ে ফাঁড়ির ইনচার্জ শরীফ হোসেন জানান, পালিয়ে যাওয়া বাসটি শনাক্তের চেষ্টা চলছে। নিহতদের মরদেহ তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।