স্বর্ণের দামে নজিরবিহীন পতন

image 36

বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় ধাক্কা লেগেছে চীনের নতুন করনীতির কারণে। খুচরা বিক্রেতাদের জন্য দীর্ঘদিনের কর ছাড় তুলে নেওয়ায় দেশটিতে স্বর্ণের চাহিদা কমতে পারে বলে আশঙ্কা তৈরি হয়েছে, যার প্রভাব পড়ছে আন্তর্জাতিক বাজারেও।

সোমবার (৩ নভেম্বর) সিঙ্গাপুরের বাজারে তাৎক্ষণিক সরবরাহের জন্য স্বর্ণের দাম প্রতি আউন্সে কমে দাঁড়িয়েছে ৩,৯৯৭.৪০ ডলার, যা আগের দিনের তুলনায় ০.১ শতাংশ কম। এর আগে গত সপ্তাহে স্বর্ণের দাম হঠাৎই ২.৭ শতাংশ পড়ে যায়।

চীনের নতুন নীতিতে বলা হয়েছে, এখন থেকে নির্দিষ্ট খুচরা বিক্রেতারা শাংহাই গোল্ড এক্সচেঞ্জ বা শাংহাই ফিউচার্স এক্সচেঞ্জ থেকে কেনা সোনা বিক্রিতে আর ভ্যাট ছাড় পাবেন না। সরাসরি কিংবা প্রক্রিয়াজাত সোনা—উভয় ক্ষেত্রেই এই ছাড় বাতিল হচ্ছে।

গত অক্টোবরেই রেকর্ড দামে পৌঁছেছিল স্বর্ণ; তবে মাসের শেষদিকে দ্রুতই দাম কমতে শুরু করে। বছরের শুরু থেকে এখন পর্যন্ত স্বর্ণের দাম ৫০ শতাংশেরও বেশি বেড়েছে, তবুও সাম্প্রতিক পতন বাজারে উদ্বেগ তৈরি করেছে।

বুলিয়নভল্টের গবেষণা পরিচালক অ্যাড্রিয়ান অ্যাশ বলেন, চীনের করনীতি পরিবর্তন বিশ্ববাজারে স্বর্ণ বিনিয়োগে নেতিবাচক প্রভাব ফেলবে। যারা দাম আরও কমার অপেক্ষায় ছিলেন, এটি তাদের জন্য ইতিবাচক সংবাদ হতে পারে।

করনীতির প্রভাব চীনের শেয়ারবাজারেও পড়েছে। হংকংয়ে চাউ তাই ফুক জুয়েলারি গ্রুপের শেয়ার ১২ শতাংশ পর্যন্ত, চাউ সাং সাং হোল্ডিংসের শেয়ার ৮ শতাংশ এবং লাওপু গোল্ড কোম্পানির শেয়ার ৯ শতাংশের বেশি কমেছে। সিটিগ্রুপ জানায়, নতুন কর ব্যবস্থায় গয়না শিল্পে ব্যয় বেড়ে যাবে এবং শেষ পর্যন্ত এর বোঝা ভোক্তাদের ওপরই পড়বে।

নতুন নীতিতে বিনিয়োগযোগ্য সোনা বিক্রিতে কর ছাড় থাকবে; তবে গয়না বা শিল্পকারখানার জন্য ব্যবহৃত সোনায় ভ্যাট ছাড় কমে দাঁড়িয়েছে ৬ শতাংশে, যা আগে ছিল ১৩ শতাংশ। এই নীতি ২০২৭ সালের শেষ পর্যন্ত কার্যকর থাকবে।