গাইবান্ধায় ‘গরু চোর’ সন্দেহে তিনজনকে পিটিয়ে হত্যা

image 8

গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় গরু চুরির সন্দেহে তিনজনকে পিটিয়ে হত্যা করা হয়েছে। শনিবার (১ নভেম্বর) গভীর রাতে কাটাবাড়ি ইউনিয়নের নাসিরাবাদ গ্রামে এ ঘটনা ঘটে।

গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বুলবুল ইসলাম জানান, রাত প্রায় আড়াইটার দিকে এক ব্যক্তির গোয়ালঘর থেকে তিনটি গরু নিয়ে পালানোর সময় এলাকাবাসী বিষয়টি টের পায়। এরপর স্থানীয়রা ধাওয়া করলে অভিযুক্ত তিনজন পাশের একটি পুকুরে লাফ দেন। পরে তাদের আটক করে বেধড়ক মারধর করা হয়। এতে ঘটনাস্থলেই দুইজন মারা যান।

খবর পেয়ে সকালে পুলিশ গিয়ে গুরুতর আহত অবস্থায় আরেকজনকে উদ্ধার করে গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠায়। তবে চিকিৎসাধীন অবস্থায় তিনি প্রাণ হারান।

স্থানীয়দের দাবি, নিহতরা বগুড়ার শিবগঞ্জ উপজেলার একটি সংঘবদ্ধ গরুচোর দলের সদস্য। তবে পুলিশের তথ্যমতে এখনো নিহতদের পরিচয় শনাক্ত করা যায়নি। মরদেহগুলো থানায় রাখা হয়েছে, পরিচয় নিশ্চিতের পর সেগুলো ময়নাতদন্তের জন্য গাইবান্ধা সদর হাসপাতালের মর্গে পাঠানো হবে।

ওসি জানান, পুরো ঘটনার তদন্ত চলছে এবং আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।