
পিরোজপুর জামায়াতে ইসলামী মনোনীত এমপি পদপ্রার্থী ও জিয়ানগর উপজেলার সাবেক চেয়ারম্যান মাসুদ সাঈদী বলেছেন, তরুণরাই দেশের সবচেয়ে বড় শক্তি ও সম্পদ। আজ সময় এসেছে সেই শক্তিকে সঠিক পথে কাজে লাগানোর। দেশের প্রকৃত উন্নয়ন তখনই সম্ভব, যখন তরুণদের জন্য কর্মসংস্থানের সুব্যবস্থা নিশ্চিত করা যাবে। এ জন্য দরকার সৎ, যোগ্য ও আদর্শবান নেতৃত্ব—যারা প্রতিশ্রুতি নয়, বাস্তব কর্মপরিকল্পনার মাধ্যমে তরুণদের সম্ভাবনাকে বাস্তবে রূপ দিতে পারবে।
বালিপাড়া বাজার কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে ভোটকেন্দ্রভিত্তিক প্রতিনিধি সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “বিগত সময়ে যারা রাষ্ট্রক্ষমতায় এসেছে, তারা তরুণ শক্তিকে অবমূল্যায়ন করেছে। কর্মসংস্থান না করে মেধাবী তরুণদের হতাশা, দুর্নীতি ও বেকারত্বের অন্ধকারে ঠেলে দিয়েছে। তবে তরুণরাই বারবার প্রমাণ করেছে—ফ্যাসিবাদ, অন্যায় ও স্বৈরাচারের বিরুদ্ধে তাদের সাহসী ভূমিকা সবচেয়ে দৃঢ়।”
মাসুদ সাঈদী আরও বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়সহ দেশের বড় পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সচেতন প্রজন্মের প্রতিফলন দেখিয়ে নিজেদের মত ও মূল্যবোধের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ প্রার্থী বেছে নিচ্ছে। তিনি আশা প্রকাশ করেন, জাতীয় নির্বাচনে শিক্ষার্থীরাও সৎ ও দেশপ্রেমিক নেতৃত্বকেই ভোট দেবেন।
তিনি যোগ করেন, নির্বাচিত হলে ইনশাআল্লাহ তরুণদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করা হবে এবং তাদের একজন আদর্শ, দক্ষ ও দেশপ্রেমিক নাগরিক হিসেবে গড়ে তোলা হবে। “আমাদের লক্ষ্য শুধু ভোটে জয়ী হওয়া নয়; বরং ন্যায়ভিত্তিক, স্বচ্ছ ও মানবিক বাংলাদেশ গঠন করা, যেখানে তরুণরাই উন্নয়নের প্রধান চালিকা শক্তি,” তিনি বলেন।
সমাবেশে বালিপাড়া ইউনিয়নের আমীর মো. শহীদুল ইসলাম সভাপতিত্ব করেন এবং শোয়াইব শিকদার সঞ্চালনা করেন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা জামায়াতের সেক্রেটারি জহিরুল হক। এছাড়া জেলা ও উপজেলা নেতৃত্বরা উপস্থিত ছিলেন।