কতটি সিম রাখা যাবে একজনের নামে—বিস্তারিত জানালেন স্বরাষ্ট্র উপদেষ্টা

image 530

জাতীয় নির্বাচনের আগে একজনের নামে নিবন্ধিত সিমকার্ডের সংখ্যা সীমিত করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি জানান, একজন ব্যক্তি সর্বোচ্চ সাতটি সিমকার্ড নিজের নামে রাখতে পারবেন।

রোববার (২৬ অক্টোবর) দুপুরে সচিবালয়ে আইনশৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা পরিষদের ১৫তম সভা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ তথ্য জানান।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, অনেক সময় দেখা যায় একজনের নামে নিবন্ধিত সিম অন্য কেউ ব্যবহার করে অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত হচ্ছে। এতে প্রকৃত অপরাধীকে শনাক্ত করা কঠিন হয়ে পড়ে। এ কারণেই ব্যক্তি পর্যায়ে সিম নিবন্ধনের সংখ্যা সীমিত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

তিনি আরও বলেন, কোনো ঘটনার তদন্তে দেখা যায়, ব্যবহৃত সিমটি আসলে সেই ব্যক্তির নয়। এমন পরিস্থিতি এড়াতেই নির্বাচনের আগে সিমকার্ডের সংখ্যা কমানোর উদ্যোগ নেওয়া হচ্ছে।