
দক্ষিণ কোরিয়ার একটি আদালত ৮ বছর বয়সী এক ছাত্রীকে নৃশংসভাবে ছুরিকাঘাতে হত্যা করার অপরাধে শিক্ষক মিয়ং জে-ওয়ানকে (৪৮) যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দিয়েছে।
গত ফেব্রুয়ারিতে দেশটির মধ্যাঞ্চলের শহর দায়েজনে এ হত্যাকাণ্ড ঘটে। ওই দিন মিয়ং জে-ওয়ান ক্লাসরুমে ডেকে নিয়ে ছাত্রী কিম হে-নেলকে হত্যা করেন। মামলার শুনানিতে প্রসিকিউশন আসামির মৃত্যুদণ্ডের দাবি জানায়, কারণ নিহত শিশুর পরিবার কঠোরতম শাস্তির অনুরোধ করেছিল।
তবে আদালত রায়ে জানায়, “মিয়ং-এর পুনরায় অপরাধের ঝুঁকি থাকলেও মৃত্যুদণ্ড নয়, যাবজ্জীবন কারাদণ্ডই উপযুক্ত শাস্তি।” আদালতে মিয়ং বলেন, তিনি জীবনের বাকি সময় নিজের অপরাধের জন্য অনুতপ্ত থাকবেন।
তদন্তে জানা যায়, মিয়ং মানসিক স্বাস্থ্য চিকিৎসাধীন ছিলেন, যা তার সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতাকে প্রভাবিত করেছিল। পুলিশের জবানবন্দিতে তিনি জানান, হত্যার দিন সকালে একটি ছুরি কিনে স্কুলে নিয়ে যান এবং পরে মিডিয়া রুমে ডেকে কিমের ওপর হামলা চালান।
ঘটনার আগে ডিপ্রেশনের অজুহাতে তিনি ছয় মাসের ছুটি চেয়েছিলেন, তবে মাত্র ২০ দিনের মাথায় কাজে যোগ দেন। সহকর্মীদের সঙ্গে আগেও তিনি সহিংস আচরণ করেছিলেন। হত্যার দিন স্কুলে শিক্ষাবিষয়ক দুজন কর্মকর্তা তদন্তে উপস্থিত ছিলেন।