
দেশজুড়ে লাগাতার অগ্নিকাণ্ডের ঘটনাকে দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র হিসেবে অভিহিত করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম। তিনি মনে করেন, এসব আগুন লাগার ঘটনা কোনোভাবেই বিচ্ছিন্ন নয়।
শনিবার (১৮ অক্টোবর) সন্ধ্যায় সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি লেখেন, স্বৈরাচারের দোসরদের খুঁজে বের করে আইনের আওতায় আনতে না পারা অন্তর্বর্তী সরকারের অন্যতম বড় ব্যর্থতা। এর পরিণতি বাংলাদেশকে দীর্ঘমেয়াদে ভোগ করতে হবে।
তিনি আরও বলেন, “দেশের বিভিন্ন জায়গায় যে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটছে, তা কোনো দুর্ঘটনা নয়; এটি দেশবিরোধী চক্রের একটি পরিকল্পিত ষড়যন্ত্র। তথাকথিত তদন্ত কমিটির নাটক বাদ দিয়ে প্রকৃত কারণ উদঘাটন করতে হবে।”
উল্লেখ্য, শুক্রবার দুপুরে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো সেকশনে ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটে। তার আগের দিন, বৃহস্পতিবার, চট্টগ্রাম ইপিজেডের একটি কারখানায় আগুন লাগে—যা ১৭ ঘণ্টা পর নিয়ন্ত্রণে আসে। একই দিনে টাঙ্গাইলের ঘাটাইলে একটি সুতার মিলে অগ্নিকাণ্ডে কোটি টাকার ক্ষতি হয়। এর আগে, ১৪ অক্টোবর মিরপুরের রূপনগরে একটি কেমিক্যাল গোডাউন ও পোশাক কারখানায় আগুনে ১৬ জনের মৃত্যু হয়।