
শেরপুরে মানসিক ভারসাম্যহীন নারীর কোলে জন্ম কন্যাশিশুর, এলাকায় মানবিক দৃষ্টি
শেরপুর জেলার শ্রীবরদী উপজেলার খড়িয়া কাজিরচর ইউনিয়নের এক মানসিক ভারসাম্যহীন নারীর কোলে জন্ম নিয়েছে নবজাতক কন্যাশিশু। শনিবার (১৮ অক্টোবর) সন্ধ্যায় তিনি সন্তান প্রসব করেন। তবে এখনও কেউ ওই নারীর পরিচয় জানে না, যা এলাকাবাসীর মধ্যে নানা প্রশ্ন ও আলোচনার সৃষ্টি করেছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, মানসিক ভারসাম্যহীন ওই নারী দীর্ঘদিন ধরে উপজেলার বিভিন্ন এলাকায় ঘুরে বেড়াচ্ছিলেন। তাকে বিভিন্ন সময় রাতে লংগরপাড়া উচ্চবিদ্যালয়ের ভবনে ঘুমাতে দেখা গেছে। শনিবার সন্ধ্যায় স্কুল ভবন থেকে নবজাতকের কান্নার শব্দ শুনে স্থানীয়রা ছুটে যান। পরে দেখা যায়, নারীর কোলে একটি কন্যাশিশু জন্ম নিয়েছে।
স্থানীয়রা মা ও শিশুকে নিরাপদ স্থানে নিয়ে যান এবং তাদের খাদ্য ও প্রাথমিক সেবা দেন। শিশুটি সুস্থ থাকলেও নারীর শারীরিক অবস্থা দুর্বল। খড়িয়া কাজিরচর ইউনিয়ন পরিষদের সদস্য মো. মোশারফ হোসেন ননী বলেন, “বাচ্চা প্রসবের খবর পেয়ে আমরা সামাজিকভাবে শিশুটির আলাদা সেবা ব্যবস্থা করেছি। এমন মানবিক ঘটনায় আমরা সবাই মায়া অনুভব করছি। মা ও শিশুর শারীরিক অবস্থা ভালো আছে, তবে তাদের সেবা প্রয়োজন।”
শ্রীবরদী সমাজসেবা অফিসার মো. কামরুজ্জামান জানান, বিষয়টি জানার পর প্রতিনিধি পাঠানো হয়েছে। হাসপাতালের সমাজসেবা শাখা মা ও শিশুকে চিকিৎসা সহায়তা দেবে এবং পরে পুনর্বাসনের প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
উপজেলা ভারপ্রাপ্ত নির্বাহী অফিসার ও সহকারী কমিশনার (ভূমি) মো. হাসিব-উল-আহসান বলেন, “মা ও নবজাতকের নিরাপত্তা ও সেবা নিশ্চিত করতে হাসপাতাল ভর্তি করা হয়েছে। সমাজসেবা কর্মকর্তার সঙ্গে সমন্বয় করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে। উপজেলা প্রশাসন বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করছে এবং তাদের খোঁজখবর রাখা হবে। এছাড়া ওই নারীর ঠিকানা জানার জন্য প্রশাসনিক তৎপরতা শুরু হয়েছে।”