
রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো সেকশনে লাগা আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ২৮টি ইউনিট। আগুন নেভানোর অভিযানে যুক্ত হয়েছে বাংলাদেশ নৌবাহিনী ও বিমানবাহিনীর সদস্যরাও। শনিবার (১৮ অক্টোবর) বিকেলে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে।
আইএসপিআর জানায়, বিমানবন্দরের কার্গো সেকশনে অগ্নি নির্বাপণে ফায়ার সার্ভিস, সিভিল এভিয়েশন, বাংলাদেশ বিমানবাহিনীর দুটি ফায়ার ইউনিট এবং নৌবাহিনী একযোগে কাজ করছে।
ফায়ার সার্ভিসের সর্বশেষ তথ্যে জানা গেছে, আগুন নিয়ন্ত্রণে তাদের ২৮টি ইউনিট কাজ করছে এবং আরও ৮টি ইউনিট ঘটনাস্থলের পথে রয়েছে। দুপুর আড়াইটার দিকে বিমানবন্দরের কার্গো সেকশনে আগুনের সূত্রপাত হয়।
অগ্নিকাণ্ডের পর বিমান চলাচল বন্ধ হয়ে যায়। ফ্লাইট রাডারেও ঢাকার আকাশপথে বিমান চলাচল স্থগিত দেখা যাচ্ছে। আগুনের কারণে রিয়াদ থেকে ঢাকাগামী একটি ফ্লাইট সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেছে।
বিমানবন্দর সূত্র জানায়, শাহজালালে সব ধরনের ফ্লাইট ওঠানামা সাময়িকভাবে বন্ধ রয়েছে। কিছু ঢাকাগামী ফ্লাইট বিকল্পভাবে চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবে।
বিমানবন্দরের নির্বাহী পরিচালকের মুখপাত্র মো. মাসুদুল হাসান মাসুদ জানান, কার্গো সেকশনের পাশে একটি অংশে আগুন লাগে। ফায়ার সার্ভিসের পাশাপাশি নৌ ও বিমানবাহিনীও আগুন নিয়ন্ত্রণে সক্রিয়ভাবে কাজ করছে। আগুনের উৎস এলাকাটিতে মূলত আমদানি করা পণ্য মজুদ রাখা হয় বলেও তিনি জানান।