আসল বন্দুক হাতে শিশুর ছবি ভাইরাল, এলাকায় চাঞ্চল্য

image 424

ছোটবেলায় শিশুর বিনোদনের প্রধান মাধ্যম নানা রকম খেলনা। এর মধ্যে বন্দুক ও চাকু আকৃতির খেলনা বেশ জনপ্রিয়। কিন্তু এসব খেলনার জায়গায় এবার ফেনীর সোনাগাজীতে এক শিশুর হাতে দেখা গেছে আসল বন্দুক। ঘটনাটি প্রকাশ্যে আসার পর এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে।

ঘটনাটি ঘটেছে সোনাগাজী উপজেলার মজলিশপুর ইউনিয়নের চরবদরপুর গ্রামে। ওই গ্রামের হোসেন মাঝি বাড়ির সুজনের সন্তানের হাতে বন্দুকসহ একটি ছবি সম্প্রতি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে। ছবিটি প্রথমে সৌদি প্রবাসী আসাদুর জামান নূর তার নিজ নামের ফেসবুক আইডিতে পোস্ট করেন। ক্যাপশনে তিনি লেখেন— “এটা আমার বড় ভাগিনা। এই বয়সে ওর হাতে খেলনার পিস্তল থাকার কথা, অথচ এখন ওর হাতে আসল পিস্তল।”

ছবিটি পোস্ট হতেই সামাজিক মাধ্যমে ব্যাপক আলোচনার ঝড় ওঠে। কয়েক ঘণ্টার মধ্যেই পোস্টটি মুছে ফেলা হলেও অনেকেই ছবি ও স্ক্রিনশট সংরক্ষণ করেন।

বিষয়টি জানতে চাইলে শিশুটির বাবা সুজন জানান, “ছবিটি আমার সন্তানের। আমার সন্তান নানার বাড়িতে ছিল। কে বা কারা ওর হাতে বন্দুক দিয়ে ছবি তুলেছে, তা আমি জানতাম না। আমার শ্যালক ফেসবুকে পোস্ট করার পর জানতে পারি। এতে আমার সন্তানের নিরাপত্তা হুমকির মুখে পড়েছে।”

তবে স্থানীয়দের দাবি, বন্দুকটি সুজনেরই। নাম প্রকাশ না করার শর্তে কয়েকজন জানান, অতীতে একাধিকবার সুজনকে ওই বন্দুকসহ দেখা গেছে। পারিবারিক বিরোধের জেরে শ্যালক ক্ষোভ থেকে ছবিটি ফেসবুকে দেন।

সুজন বলেন, “আমার শ্যালকের মানসিক সমস্যা আছে। দেশে থাকাকালেও এমন আচরণ করত, প্রবাসে গিয়েও তা বন্ধ হয়নি।”

এ বিষয়ে মন্তব্য জানতে আসাদুর জামান নূরকে ফোন করা হলেও সাড়া পাওয়া যায়নি।

সোনাগাজী মডেল থানার ওসি সাইফুল ইসলাম বলেন, “ঘটনাটি এখনো পুলিশের আনুষ্ঠানিক নজরে আসেনি। তদন্তে সত্যতা মিললে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”