
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, জনগণ এখন নির্বাচন চায়—ভোটের বিষয়ে আর কোনো আপস নয়। কিন্তু কয়েকটি দল পিআর নিয়ে অযথা হৈচৈ করছে। তিনি প্রশ্ন তোলেন, “যা মানুষই বোঝে না, তা কেন হবে?”
বৃহস্পতিবার (১৬ অক্টোবর) ঠাকুরগাঁওয়ের বেগুনবাড়ী ইউনিয়নের দানারহাট স্কুল মাঠে নির্বাচনী জনসংযোগে তিনি এসব কথা বলেন।
মির্জা ফখরুল বলেন, দেশের মানুষ সংঘাত ও হানাহানির রাজনীতি দেখতে চায় না। তারা শুধু চায় অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচন। পিআর–টিআর বাদ দিয়ে ‘এক ব্যক্তি, এক ভোট’ ভিত্তিক নির্বাচনই হতে হবে—এটাই জনগণের প্রত্যাশা।
তিনি অভিযোগ করে বলেন, নির্বাচন প্রক্রিয়া বিলম্বিত করতে এবং অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. ইউনূসকে ব্যস্ত রাখতে একটি মহল নানা দাবি তুলে বিভ্রান্তি সৃষ্টি করছে।
বিএনপি মহাসচিব বলেন, স্বৈরাচার পতনের পর দেশ পুনর্গঠনের যে সুযোগ তৈরি হয়েছে, তা কাজে লাগাতে হবে। পিআর দাবি নিয়ে যারা আন্দোলন করছেন, তাদের নির্বাচিত সংসদ গঠনের পর বিষয়টি আলোচনার জন্য অপেক্ষা করা উচিত।
তিনি আরও বলেন, বিএনপি প্রতিশোধ বা প্রতিহিংসার রাজনীতি চায় না; বরং মানুষের ভালোবাসা অর্জন করাই তাদের লক্ষ্য। ফেব্রুয়ারির নির্বাচনে জনগণের নতুন করে ভোট দেওয়ার সুযোগ তৈরি হয়েছে। বিএনপি ইতোমধ্যেই ৩১ দফা সংস্কারের প্রস্তাব দিয়েছে, যা বাস্তবায়নের দিকেই সরকার এখন অগ্রসর হচ্ছে।
শেষে দেশের স্বার্থে ধানের শীষে ভোট দেওয়ার আহ্বান জানান মির্জা ফখরুল।