কল রেকর্ড ফাঁসের মাধ্যমে গোপনীয়তা লঙ্ঘন হয়েছে — রিজভী

image 374

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী অভিযোগ করেছেন, উপদেষ্টাদের কল রেকর্ড কীভাবে হাতে এলো, কে তা সরবরাহ করল—এই প্রশ্নের জবাব রাষ্ট্রের দিতে হবে। তিনি বলেন, “রাষ্ট্রের আর্টিকুলেশন বা কাঠামোগত অবস্থাটা এখন কোথায় দাঁড়িয়েছে, তা জানার অধিকার জনগণের আছে।” একইসঙ্গে তিনি সতর্ক করে বলেন, “কোনোভাবেই গণতন্ত্র বিনাশীদের ফিরে আসার সুযোগ দেওয়া যাবে না।”

বৃহস্পতিবার (১৬ অক্টোবর) এক সংবাদ সম্মেলনে তিনি আরও বলেন, বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে দলের নেতাকর্মীরা অসহায় মানুষের পাশে ছুটে যাচ্ছেন। “এক বাবা সন্তানের চিকিৎসার জন্য কিডনি বিক্রি করেছেন—এমন খবরে আমরা তার পরিবারকে সহায়তা করেছি। বিএনপি পরিবার মানবিক কারণে সবসময় মানুষের পাশে থাকবে,” যোগ করেন তিনি।

রিজভী বলেন, “আমরা এমন এক মানবিক বাংলাদেশ গড়তে চাই, যেখানে কেউ চিকিৎসার অভাবে মারা যাবে না। এই কঠিন সময়েও জনগণের পাশে থাকা আমাদের দায়িত্ব।”

জুলাই সনদ ও গণভোট প্রসঙ্গে রিজভী বলেন, “রাজনৈতিক দলগুলো জুলাই সনদে ঐক্যবদ্ধ হওয়ার চেষ্টা করছে। কিন্তু গণভোট ও অন্যান্য বিষয়ে বিলম্বে জনগণের মধ্যে অসন্তোষ তৈরি হচ্ছে। ফ্যাসিস্ট শক্তি যেন সেই সুযোগ না নিতে পারে, সেজন্য এখনই ঐক্যবদ্ধ হতে হবে।”

তিনি বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সুস্থতা কামনা করে বলেন, “সংকটময় সময়ে নেতৃত্ব সবচেয়ে গুরুত্বপূর্ণ। রাজনৈতিক দলগুলো যদি জুলাই সনদে স্বাক্ষর না করে, তাহলে কালোমেঘ এই দেশের আকাশ ঢেকে দেবে।”