
ছাত্রদল সমর্থিত শেখ নূর উদ্দীন আবীর অভিযোগ করেছেন যে, পোলিং এজেন্টরা ভোটার তালিকা দেখতে পারছেন না। বৃহস্পতিবার সকাল ৯টার পর ভোটগ্রহণ শুরু হতেই তিনি এ অভিযোগ তোলেন।
আবীর জানান, ভোটকেন্দ্রে তার পোলিং এজেন্টরা ছবিসহ ভোটার তালিকা দেখতে পারছেন না, যা ভোটের স্বচ্ছতা নিশ্চিত করার ক্ষেত্রে বাধা সৃষ্টি করছে। তিনি প্রশ্ন তুলেন, “ছবিসহ ভোটার তালিকা শুধু রিটার্নিং কর্মকর্তারা দেখতে পারছেন। পোলিং এজেন্টরা যদি তালিকা দেখতে না পান, তাহলে তারা কিভাবে ভোটার শনাক্ত করবেন বা জাল ভোট সনাক্ত করবেন?”
ভোটগ্রহণ সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত চলবে। বিশ্ববিদ্যালয়ের ৯টি একাডেমিক ভবন ও ১৭টি কেন্দ্রে ভোটগ্রহণ অনুষ্ঠিত হচ্ছে। ফল গণনা শুরু হবে বিকেল ৫টা থেকে কাজী নজরুল ইসলাম মিলনায়তনে।
প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক মোস্তফা কামাল আকন্দ বুধবার সংবাদ সম্মেলনে জানান, নির্বাচনের লক্ষ্য হচ্ছে অংশগ্রহণমূলক, স্বচ্ছ ও শান্তিপূর্ণ নির্বাচন। রাকসু নির্বাচনে মোট ২৮,৯০১ জন ভোটার রয়েছেন, যার মধ্যে নারী ৩৯.১০% এবং পুরুষ ৬০.৯০%।