
চলতি বছরের উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমান পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে। সারাদেশে ১১টি শিক্ষা বোর্ডে গড় পাসের হার দাঁড়িয়েছে ৫৮.৮৩ শতাংশ, যা গতবারের তুলনায় প্রায় ১৯ শতাংশ কম। ২০২৪ সালের এইচএসসি ও সমমান পরীক্ষায় গড় পাসের হার ছিল ৭৭.৭৮ শতাংশ।
ফলাফল বৃহস্পতিবার (১৬ অক্টোবর) সকাল ১০টায় সব শিক্ষা বোর্ডের ওয়েবসাইট, সংশ্লিষ্ট পরীক্ষা কেন্দ্র এবং শিক্ষাপ্রতিষ্ঠানের মাধ্যমে প্রকাশ করা হয়েছে। পরে রাজধানীর বকশীবাজারে ঢাকা শিক্ষা বোর্ডে বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি অধ্যাপক ড. খন্দোকার এহসানুল হক ফলাফলের বিস্তারিত ব্রিফিং দেন।
বোর্ডভিত্তিক পাসের হার অনুযায়ী দেখা যায়—
- ঢাকা: ৬৪.৬২%
- রাজশাহী: ৫৯.৪০%
- কুমিল্লা: ৪৮.৮৬%
- যশোর: ৫০.২০%
- চট্টগ্রাম: ৫২.৫৭%
- বরিশাল: ৬২.৫৭%
- সিলেট: ৫১.৮৬%
- দিনাজপুর: ৫৭.৪৯%
- ময়মনসিংহ: ৫১.৫৪%
- মাদরাসা শিক্ষা বোর্ড: ৭৫.৬১%
- কারিগরি শিক্ষা বোর্ড: ৬২.৬৭%
এবার মোট ৬৯,০৯৭ জন শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছেন, যা গত বছরের ১,৪৫,৯১১ জনের তুলনায় অর্ধেকেরও কম। পাসের হার ও জিপিএ-৫ উভয় ক্ষেত্রেই ছাত্রীদের ফলাফল এগিয়ে। তবে শতভাগ পাস করা শিক্ষাপ্রতিষ্ঠানের সংখ্যা কমেছে, এবং শতভাগ ফেল হওয়া প্রতিষ্ঠান বেড়েছে—২০২টি প্রতিষ্ঠান পুরোপুরি ফেল করেছে, আর ৩৪৫ প্রতিষ্ঠান শতভাগ পাস করেছে।
পরীক্ষার্থীরা ফলাফল তাদের নিজস্ব শিক্ষা প্রতিষ্ঠান, www.educationboardresults.gov.bd ওয়েবসাইট বা সংশ্লিষ্ট বোর্ডের ওয়েবসাইট থেকে EIIN নম্বর ব্যবহার করে ডাউনলোড করতে পারবেন। এছাড়া শর্ট কোড 16222-এ SMS পাঠ করেও ফল জানতে পারবেন। পুনঃনিরীক্ষণের জন্য আবেদন করা যাবে ১৭ থেকে ২৩ অক্টোবর পর্যন্ত, বিস্তারিত নির্দেশনা বোর্ডের ওয়েবসাইটে পাওয়া যাবে।
এবারের এইচএসসি ও সমমান লিখিত পরীক্ষা ১৯ আগস্ট শেষ হয়, এবং ব্যবহারিক পরীক্ষা অনুষ্ঠিত হয় ২১-৩১ আগস্ট পর্যন্ত। দেশের ১২,৫১,১১১ শিক্ষার্থী পরীক্ষা দিয়েছেন, যার মধ্যে ৬,১৮,০১৫ জন ছেলে এবং ৬,৩৩,০৯৬ জন মেয়ে। পরীক্ষা হয়েছে মোট ২,৭৯৭টি কেন্দ্রে।
বোর্ড অনুযায়ী পরীক্ষার্থীর সংখ্যা:
- ঢাকা বোর্ড: ২,৯১,২৪১
- রাজশাহী: ১,৩৩,২৪২
- কুমিল্লা: ১,০১,৭৫০
- যশোর: ১,১৬,৩১৭
- চট্টগ্রাম: ১,৩৫
- বরিশাল: ৬১,২৫
- সিলেট: ৬৯,৬৮৩
- দিনাজপুর: ১,০৩,৮৩২
- ময়মনসিংহ: ৭৮,২৭৩
- মাদরাসা শিক্ষা বোর্ড: ৮৬,১০২
- কারিগরি বোর্ড: ১,০৯,৬১১