মিরপুরে অগ্নিকাণ্ড: প্রতিটি নিহত পরিবারের পাশে জামায়াত আমির

image 358

রাজধানীর মিরপুরের শিয়ালবাড়ি এলাকায় ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত প্রতিটি পরিবারের জন্য তাৎক্ষণিকভাবে এক লাখ টাকা করে অনুদান দেওয়ার ঘোষণা দিয়েছেন জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান।

মঙ্গলবার রাতে অগ্নিকাণ্ডের ক্ষয়ক্ষতি পরিদর্শনে ঘটনাস্থলে যান জামায়াত আমীর। তিনি কারখানার ক্ষতিগ্রস্ত অংশ ঘুরে দেখেন এবং উপস্থিত প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনী ও ফায়ার সার্ভিসের কর্মকর্তাদের সঙ্গে কথা বলেন। পাশাপাশি আহত ও নিহতদের খোঁজখবর নেন।

এ সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন ঢাকা মহানগরী উত্তর জামায়াতের নায়েবে আমীর আবদুর রহমান মুসা, ঢাকা-১৪ আসনে দলীয় প্রার্থী ব্যারিস্টার মীর আহমাদ বিন কাসেম (আরমান) এবং ঢাকা-১৬ আসনে প্রার্থী কর্নেল (অব.) আবদুল বাতেন।

নিহতদের পরিবারপ্রতি এক লাখ টাকা অনুদান ঘোষণা করে ডা. শফিকুর রহমান বলেন, “এই দুর্ঘটনায় যারা প্রিয়জন হারিয়েছেন, তাদের শোক ভাষায় প্রকাশ করা যায় না। তারা পরিশ্রমী মানুষ, জীবিকার তাগিদে কাজ করতে এসে প্রাণ হারিয়েছেন। এই কঠিন সময়ে তাদের পাশে দাঁড়ানো আমাদের মানবিক দায়িত্ব।”

তিনি জামায়াতের স্থানীয় নেতাকর্মীদের ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পাশে দ্রুত সহায়তা নিয়ে দাঁড়াতে নির্দেশ দেন এবং সরকার, সমাজের বিত্তবান ব্যক্তি, মানবিক সংস্থা ও সংগঠনগুলোকে এগিয়ে আসার আহ্বান জানান।

ডা. শফিকুর রহমান অগ্নিকাণ্ডের প্রকৃত কারণ উদঘাটনে নিরপেক্ষ তদন্তের দাবি জানান এবং দায়ীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের আহ্বান করেন। একই সঙ্গে নিহতদের পরিবারকে যথাযথ ক্ষতিপূরণ এবং আহতদের সর্বাত্মক চিকিৎসা সেবা নিশ্চিত করারও অনুরোধ জানান।

উল্লেখ্য, মঙ্গলবার সকাল ১১টা ৪০ মিনিটের দিকে রূপনগরের একটি গার্মেন্টস প্রিন্টিং কারখানা ও রাসায়নিক গুদামে ভয়াবহ আগুন লাগে। রাত পর্যন্ত ফায়ার সার্ভিস নিশ্চিত করেছে অন্তত ১৬ জনের মৃত্যুর খবর।