ঢাকায় সোনার দোকানের দেয়াল কেটে চুরি — যা জানা যাচ্ছে |

image 163

রাজধানীর যাত্রাবাড়ী এলাকায় লিলি গোল্ড হাউজ নামে একটি জুয়েলারি দোকান থেকে প্রায় ১২৫ ভরি স্বর্ণালংকার এবং পৌনে তিন লাখ টাকা চুরির ঘটনা ঘটেছে।

রোববার (৫ অক্টোবর) দিবাগত রাতে যাত্রাবাড়ী চৌরাস্তা মোড় সংলগ্ন হাজী রায়হান সুপার মার্কেটের দ্বিতীয় তলায় অবস্থিত এই দোকানের দেয়াল কেটে চোরেরা ভেতরে প্রবেশ করে।

মঙ্গলবার (৭ অক্টোবর) দোকান মালিক জাকির হোসেন যাত্রাবাড়ী থানায় এ ঘটনায় মামলা দায়ের করেছেন। তার এজাহারে উল্লেখ করা হয়েছে, “আমার দোকান নিয়মমতো বন্ধ করে বাসায় চলে যাই। পরদিন সকালে এসে দেখি পাশের দোকানের দেয়াল কেটে আমার দোকান থেকে প্রায় ১২৫ ভরি স্বর্ণালংকার এবং ক্যাশবাক্সে থাকা পৌনে তিন লাখ টাকা চুরি হয়েছে।”

দোকানের উত্তর পাশে দেয়ালের নিচের অংশ ভাঙা অবস্থায় পাওয়া গেছে। ভেতরে ব্যবহার করা হয়েছে পাকা দেয়াল কাটা বিভিন্ন সরঞ্জাম।

এজাহারে আরও বলা হয়েছে, দুই মাস আগে পাশের দোকানটি অজ্ঞাতনামা ৩-৪ ব্যক্তি শহিদুল ইসলাম রতনের কাছে থ্রিপিস ব্যবসার নামে ভাড়া নিয়েছিল। জাকির হোসেনের ধারণা, তারা পূর্বপরিকল্পিতভাবে দেয়াল কেটে দোকানের ভেতরে প্রবেশ করে চুরি করেছে।

মামলার তদন্ত কর্মকর্তা যাত্রাবাড়ী থানার উপ-পরিদর্শক (এসআই) সালাউদ্দিন জানান, “কাপড়ের ব্যবসার নামে পাশের দোকান ভাড়া নেওয়া ব্যক্তিদের শনাক্তের চেষ্টা চলছে। তারা ভুয়া কাগজপত্র ব্যবহার করে দোকান ভাড়া নিয়েছিল। সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে তাদের শনাক্ত ও গ্রেপ্তারের জন্য অভিযান চলছে।”