
দাঁতের ক্ষয়কে তুচ্ছ ভেবে অবহেলা করা বিপজ্জনক হতে পারে। সময়মতো যত্ন না নিলে এটি শুধু দাঁত হারানোর কারণ নয়, মুখগহ্বরের ক্যানসারের মতো ভয়ংকর রোগের ঝুঁকিও বাড়াতে পারে।
বর্তমানে মাড়ির রোগ, দাঁতের ক্ষয় ও মুখের ক্যানসারের মতো ওরাল হেলথ সমস্যা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। বিশেষজ্ঞদের মতে, শরীরের অনেক জটিল রোগের প্রভাব সরাসরি দাঁত ও মাড়ির ওপর পড়ে।
আমরা প্রতিদিন নানা ধরনের খাবার খাই, যার কিছু অংশ দাঁতের ফাঁকে আটকে যায়। মুখের ভেতরের লালা, প্রোটিন ও ব্যাকটেরিয়ার সঙ্গে মিশে এগুলো ডেন্টাল প্লাক তৈরি করে। এই প্লাক সময়মতো পরিষ্কার না করলে তা শক্ত হয়ে টার্টার বা ক্যালকুলাসে পরিণত হয়। এর ফলেই দেখা দেয় মাড়ি থেকে রক্ত পড়া, প্রদাহ, দাঁতের ক্ষয় কিংবা দাঁত পড়ে যাওয়ার মতো সমস্যা। এসব থেকে বাঁচতে চাইলে নিয়মিত মুখের যত্ন নেওয়া জরুরি।
সুস্থ ওরাল হাইজিন বজায় রাখার উপায়
১. দিনে দুইবার ব্রাশ করুন: সকালে নাশতার পর এবং রাতে ঘুমানোর আগে ব্রাশ করা অভ্যাস করুন। এতে মুখে ব্যাকটেরিয়ার বৃদ্ধি কমে ও প্লাক তৈরি হয় না।
২. নিয়মিত ফ্লস ব্যবহার করুন: ব্রাশ দিয়ে যেখানে পৌঁছানো যায় না, সেখানে ফ্লসিং কার্যকর ভূমিকা রাখে। রাতে ব্রাশের পর ফ্লস ব্যবহার করলে দাঁতের ফাঁকে জমে থাকা খাবার ও প্লাক দূর হয়।
৩. গরম লবণ পানি দিয়ে কুলি করুন: প্রতিদিন অন্তত একবার গরম নুন জল দিয়ে মুখ কুলি করলে ক্ষতিকর ব্যাকটেরিয়া কমে ও মাড়ির প্রদাহ কমে আসে।
বিশেষজ্ঞরা সতর্ক করে বলেন, দাঁতের যত্নে অবহেলা করলে তা শুধু মুখের সমস্যা নয়—হৃদরোগ, ডায়াবেটিসের মতো গুরুতর শারীরিক জটিলতার ঝুঁকিও বাড়াতে পারে। তাই নিয়মিত মুখের যত্ন নিলে শুধু দাঁত নয়, সার্বিক স্বাস্থ্যও ভালো থাকবে।