ভারতে ভূমিধসে চাপা পড়ে বাসের ১৮ যাত্রী নিহত

image 161

ভারতের হিমাচল প্রদেশে ভয়াবহ ভূমিধসে যাত্রীবাহী একটি বাস চাপা পড়ে অন্তত ১৮ জন নিহত হয়েছেন। মঙ্গলবার (৭ অক্টোবর) রাতে রাজ্যের বিলাসপুর জেলার ভালুঘাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, প্রায় ৩০ থেকে ৩৫ জন যাত্রী নিয়ে বাসটি হরিয়ানা থেকে বিলাসপুরের ঘুমারউইনের দিকে যাচ্ছিল। পথে ভারী বৃষ্টিপাতের কারণে পাহাড় ধসে পড়ে এবং মুহূর্তের মধ্যে বাসটি ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে।

দুর্ঘটনার পরপরই বহু যাত্রী নিহত হন। পরে উদ্ধারকর্মীরা আহতদের দ্রুত স্থানীয় হাসপাতালে নিয়ে যান। এ ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তিনি মৃতদের পরিবারকে প্রধানমন্ত্রী ত্রাণ তহবিল থেকে ২ লাখ রুপি এবং আহতদের ৫০ হাজার রুপি করে ক্ষতিপূরণ দেওয়ার ঘোষণা দিয়েছেন।

প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে এক বিবৃতিতে বলা হয়, “হিমাচল প্রদেশের বিলাসপুরে দুর্ঘটনায় প্রাণহানির ঘটনায় আমরা গভীরভাবে শোকাহত। আহতদের দ্রুত সুস্থতা কামনা করছি।”

উল্লেখ্য, ভারী বৃষ্টিপাতের কারণে গত কয়েক দিন ধরে হিমাচল প্রদেশের বিভিন্ন অঞ্চলে একাধিক ভূমিধসের ঘটনা ঘটছে, যার ফলে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে।