
ভারি বৃষ্টি ও উজানের ঢলের কারণে বগুড়ার ধুনট উপজেলায় যমুনা নদীর পানি বৃদ্ধি পেয়েছে। এতে ভারতের দিক থেকে নদীতে ভেসে আসছে অসংখ্য কাঠের টুকরা। ধারণা করা হচ্ছে, উজানের বনাঞ্চল থেকে ভাঙা গাছের অংশগুলো তীব্র স্রোতে নদীতে ভেসে এসেছে।
মঙ্গলবার (৭ অক্টোবর) সকাল থেকে উপজেলার ভান্ডারবাড়ী ইউনিয়নের শহড়াবাড়ী থেকে মাধবডাঙা গ্রামের প্রায় ৭ কিলোমিটার এলাকায় নদীর তীরবর্তী মানুষ কাঠ তীরে তুলছেন। অনেকেই মুঠোফোনে এ দৃশ্য ধারণ করছেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়ানো ভিডিওতে দেখা যায়, যমুনা নদীতে খড়কুটাসহ বিপুল সংখ্যক কাঠের টুকরা ও গাছের ছাল ভেসে আসছে। অনেকে নদীতে নেমে অথবা নৌকায় চড়ে এসব কাঠ সংগ্রহ করছেন। স্থানীয়রা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত একইভাবে কাঠ সংগ্রহ করে যাচ্ছেন।
স্থানীয় বাসিন্দা আমজাদ হোসেন বলেন, “নদীর পানিতে যতদূর চোখ যায়, শুধু কাঠ আর কাঠ। যে যার মতো গাছ তুলে নিচ্ছে। মাঝে মাঝে মরা গরুও ভেসে আসছে। এটা এক অদ্ভুত দৃশ্য।”
কাঠের উৎস নিশ্চিত না হলেও ভারতের দিক থেকে আসছে, এ ব্যাপারে কোনও সন্দেহ নেই। উপজেলা ভান্ডারবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বেলাল হোসেন বাবু জানান, সকাল থেকে নদীর তীরবর্তী শত শত নারী-পুরুষ কাঠ সংগ্রহ করছেন। স্থানীয়দের কাছে এটি এক ধরনের উৎসবের মতো হয়ে দাঁড়িয়েছে।
যদিও কাঠগুলো আসবাবপত্র তৈরিতে ব্যবহার করা সম্ভব নয়, স্থানীয়রা এগুলো খড়ি বা জ্বালানি কাঠ হিসেবে ব্যবহার করছেন। অনেকে কাঠ শুকিয়ে নিজের জ্বালানির চাহিদা মেটানোর পাশাপাশি বাজারে বিক্রির পরিকল্পনাও করছেন।