নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী কুরআন অবমাননার অভিযোগে গ্রেফতার

image 76

কুরআন শরীফ অবমাননার অভিযোগে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীকে গ্রেফতার করেছে ভাটারা থানা পুলিশ। শনিবার (৪ অক্টোবর) মধ্যরাতে রাজধানীর একটি আবাসিক এলাকা থেকে তাকে আটক করা হয়।

গ্রেফতার হওয়া শিক্ষার্থীর নাম অপূর্ব পাল। তিনি নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের অষ্টম সেমিস্টারের শিক্ষার্থী হলেও, ঠিক কোন বিভাগে পড়ছেন তা জানা যায়নি।

শনিবার দুপুরে তার ফেসবুক অ্যাকাউন্ট থেকে কুরআন শরীফ অবমাননার অভিযোগে কিছু ভিডিও পোস্ট করা হয়, যা দ্রুত সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে। এরপর অনেকে ওই শিক্ষার্থীর কঠোর শাস্তির দাবি জানান।

ঘটনার জেরে রাতেই একদল ছাত্র-জনতা অপূর্ব পালের বাসার নিচে বিক্ষোভ শুরু করে। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ গিয়ে তাকে উদ্ধার করে থানায় নিয়ে যায়।

ভাটারা থানার ওসি রাকিবুল হাসান জানান, জনতার হামলায় আহত অবস্থায় শিক্ষার্থী অপূর্ব পালকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।