
সিঙ্গাপুরে চিকিৎসা শেষে দেশে ফিরলেন নুরুল হক নুর
সিঙ্গাপুরে চিকিৎসা শেষ করে দেশে ফিরেছেন গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর। শনিবার (৪ অক্টোবর) সন্ধ্যায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তার বহনকারী ফ্লাইট অবতরণ করলে গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় নেতারা ফুল দিয়ে তাকে স্বাগত জানান।
গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান জানান, শারীরিক জটিলতার কারণে নুরুল হক নুরকে চিকিৎসার জন্য সিঙ্গাপুর নেওয়া হয়েছিল। চিকিৎসা শেষে তিনি দেশে ফিরেছেন এবং বর্তমানে সুস্থ আছেন।
উল্লেখ্য, গত ২৯ আগস্ট রাতে রাজধানীর বিজয়নগরে দলীয় কার্যালয়ের সামনে আইনশৃঙ্খলা বাহিনীর হামলায় নুরুল হক নুর, রাশেদ খানসহ অন্তত ৫০ জন নেতাকর্মী আহত হন বলে অভিযোগ করেছে গণঅধিকার পরিষদ। গুরুতর আহত অবস্থায় নুরকে প্রথমে ইসলামী ব্যাংক হাসপাতালে নেওয়া হয়, পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে টানা ১৮ দিন চিকিৎসা নেওয়ার পর বাসায় যান তিনি। পরবর্তীতে উন্নত চিকিৎসার জন্য গত ২২ সেপ্টেম্বর তাকে সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে পাঠানো হয়।