
চট্টগ্রামের সীতাকুণ্ডে ট্রেনের ধাক্কায় মা-মেয়ে নিহত
চট্টগ্রামের সীতাকুণ্ড পৌরসদরের মৌলভীপাড়া এলাকায় রেলক্রসিংয়ে যাত্রীবাহী একটি সিএনজিচালিত অটোরিকশা ট্রেনের ধাক্কায় মা-মেয়ে নিহত হয়েছেন। বৃহস্পতিবার (২ অক্টোবর) দুপুর দেড়টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, রাস্তা পার হওয়ার সময় অটোরিকশাটি হঠাৎ রেললাইনের ওপর বিকল হয়ে পড়ে। যাত্রীরা নেমে ধাক্কা দিয়ে সরানোর চেষ্টা করলেও এর মধ্যেই মহানগর এক্সপ্রেস এসে ধাক্কা দেয়। সংঘর্ষে অটোরিকশাটি প্রায় ৪০ গজ দূরে ছিটকে খাদে পড়ে।
নিহতরা হলেন—মৌলভীপাড়া এলাকার বাসিন্দা বদিউল আলমের স্ত্রী মাহমুদা বেগম (৪৫) ও তাঁর মেয়ে সানজিদা সুলতানা (২৫)। এ ঘটনায় সানজিদার এক বছরের শিশু আহত হয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সানজিদা সুলতানার নানাশ্বশুর মারা যাওয়ায় পরিবারের চারজন অটোরিকশায় সেখানে গিয়েছিলেন। ফেরার পথে এ দুর্ঘটনা ঘটে। ট্রেন আসার আগে থেকেই অটোরিকশাটি লাইনে আটকে ছিল। নিহত মাহমুদা বেগমের স্বামী ও ছেলে ধাক্কা দিয়ে সরানোর চেষ্টা করলেও মুহূর্তেই ট্রেন এসে আঘাত হানে।
গুরুতর আহত মা-মেয়েকে স্থানীয়রা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পর চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। পরে চিকিৎসাধীন অবস্থায় তাঁদের মৃত্যু হয়।
সীতাকুণ্ড রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপপরিদর্শক আশরাফ ছিদ্দিক জানান, অটোরিকশাটি জব্দ করা হয়েছে। তবে দুর্ঘটনার পর চালক পালিয়ে গেছেন। তাঁকে এবং মালিককে খুঁজে বের করার চেষ্টা চলছে।